মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

মিরাজকে হুমকি হিসেবে দেখছেন না লঙ্কান অধিনায়ক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলছে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ম্যাচে গলে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে। ফলে কলম্বোয় অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ম্যাচটিই এখন সিরিজ নির্ধারণী।

এদিকে গলে বাংলাদেশের টেস্ট একাদশে ছিলেন না মেহেদী হাসান মিরাজ। স্কোয়াডে থাকলেও তিনি অসুস্থ ছিলেন বলে খেলতে পারেননি। তবে সুস্থ হয়েছেন টাইগার এই অলরাউন্ডার। ফলে কলম্বোয় দ্বিতীয় ম্যাচে তার স্কোয়াডে থাকা নিশ্চিত। ফলে নাজমুল শান্তর দলের শক্তিও কিছুটা বাড়বে।

এদিকে মিরাজ বাংলাদেশ একাদশে যোগ হলেও তাঁকে হুমকি হিসেবে দেখছেন না লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। আগামীকাল ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মিরাজকে সেভাবে থ্রেট হিসেবে ভাবছি না। সে আমাদের বিপক্ষে বাংলাদেশের মাটিতে নিজেদের হোম কন্ডিশনে সর্বশেষ কিছু টেস্টেও খেলেছে। সে দেশের হয়ে দারুণ খেলছে। খুব বড় হুমকি হিসেবে দেখছি না। তবে লড়াইটা ভালো হবে।’

এদিকে গলে বাংলাদেশের ব্যাটিং পারফর্ম্যান্স নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই, বাংলাদেশ আন্তর্জাতিক দল। গত কয়েক সিরিজ ধরে তারা খুবই ভালো করছে। এমন উইকেট কাজে লাগাতে হয়। আমরা আর্লি ব্রেক থ্রুর পরও শান্ত ও মুশফিক খুব ভালো করেছে, প্রয়োজনীয় রান তুলে ম্যাচে দাপট দেখিয়েছে।’

আগামীকাল কেমন হবে কলম্বোর উইকেট তা নিয়ে সবারই আগ্রহ অনেক। এ বিষয়ে লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমার মিডিয়ায় এমনটা আগেও বলেছি, এটা হবে একটি ফ্ল্যাট উইকেট। সাধারণত এমন উইকেটেই খেলা হয়, কারণ শেষ দুই দিনে বল একটু টার্ন করে। আমি মনে করি একটু স্পিন থাকবে, হয়তো শেষ দিকে এসে সেটা আরও দেখা যাবে। তাই এটার জন্য প্রস্তুতি নিতে হবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD