মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

বিএনপি-আ.লীগের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই : ফয়জুল করীম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। আগে আওয়ামী লীগের নেতারা যে সুরে কথা বলতেন, এখন বিএনপির নেতারাও সেই সুরেই কথা বলছেন।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, হাত পাখার বিজয় মানেই দেশের বিজয়, মানুষের বিজয়। দেশের কল্যাণ, শান্তি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের প্রতীক হাত পাখায় ভোট দেওয়া সময়ের দাবি।

তিনি সকলকে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, ইসলামই দেশ ও জাতির মুক্তির পথ।

গণসমাবেশে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনের প্রার্থী ঘোষণা করেন মুফতি ফয়জুল করীম।
প্রার্থীরা হলেন- গাইবান্ধা-২ (সদর) আসনে প্রভাষক মোহাম্মদ আব্দুল মাজেদ, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে মাওলানা আওলাদ হোসেন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে মুফতি তৌহিদুল ইসলাম।

গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অ্যাডভোকেট এম. হাছিবুল ইসলাম, মুহাম্মদ আনোয়ার উল ইসলাম আরিফ, মো. মাহবুবুর রহমান, মুফতি মাহমুদুল হাসান কাসেমী, মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট মো. আজিজুল ইসলাম, আহমাদ আলী, মো. আব্দুল মুত্তালিব মন্ডল, আমিনুল ইসলাম বুলবুল, হাফেজ মাওলানা মো. খায়রুজ্জামান, মো. আকরাম হোসেন, মো. আওলাদ হোসাইন, মো. আসাদুল্লাহ আল গালিব, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম শরিফ, শাহাজ উদ্দিন রিয়াদ প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গাইবান্ধা জেলা সভাপতি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুফতি আল আমিন বিন হোসাইন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD