মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে: রুমিন ফারহানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশের মানুষ একটি নির্বাচিত সরকার পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ -আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আর এই নির্বাচনে দেশের মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

শুক্রবার (২৭ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বালুর মাঠে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা অত্যাচার-নির্যাতন সহ্য করেছে। ১৭ বছর ধরে দেশের মানুষ তার ভোটের মাধ্যমে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেনি। এমনকি সে সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান থেকে শুরু করে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নামে শত শত মামলা হয়েছে। পরিবারের কেউ মারা গেলে ডান্ডা বেড়ি পড়ে প্যারোলে এসে জানাজায় অংশ নিতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দুঃসময়ের নেতাকর্মীদের ভুলে গেলে চলবে না। কারণ দুর্দিন এখনো শেষ হয় নাই। দেশের মানুষ এখনো ভোট দিতে পারেনি।

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে দেশের মানুষ একটি নির্বাচিত সরকার পাবে এবং সেখানে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরাইল-আশুগঞ্জের মানুষের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে সরাইল-আশুগঞ্জকে মডেল থানায় পরিণত করবেন বলে জানান তিনি। সেই সঙ্গে নির্বাচনী এলাকা সরাইল-আশুগঞ্জের ঘরে ঘরে গ্যাস দেওয়া এবং তরুণদের আত্মনির্ভরশীল করতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

সভায় দুর্গাপুর ইউনিয়ন তরুণ দলের সভাপতি আজিম রানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম, সহ-সভাপতি এ, বি, এম মমিনুল হক প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD