শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নবাগত সন্তানের মুখ দেখার আগেই মারা গেলেন ফিলিস্তিনি ফুটবলার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই হামলায় গত ৪৮ ঘণ্টায় ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে এক ফুটবলার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে প্যালিস্টিনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। নিহত মুহান্নাদ আল-লিলি নরওয়েতে স্ত্রী ও নবাগত সন্তানের কাছে যাওয়ার অপেক্ষায় ছিলেন।

পিএফএ’র বরাতে ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, সেন্ট্রাল গাজার আল-মাঘাজি শরণার্থী ক্যাম্পে গত সোমবার রাতে হামলা চালানো হয়। ড্রোন থেকে ফেলা একটি মিসাইল মুহান্নাদদের তিন তলার বেডরুমে আঘাত করে। এর ফলে মাথায় মারাত্মক আঘাত ও রক্তক্ষরণ হয় মুহান্নাদের। প্রায় একদিন জীবন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর হার মানেন মুহান্নাদ।

সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’ জানিয়েছে, মুহান্নাদ আল-লিলি গাজা ছেড়ে স্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছিলেন। যিনি গাজায় ইসরায়েলের চলমান হামলা শুরুর আগে নরওয়েতে চলে যান। সেখানেই তার সন্তানের জন্ম হয়েছে। কিন্তু দেখা হয়নি বাবা মুহান্নাদের সঙ্গে। স্ত্রী-সন্তানের কাছে ছুটে যেতে নিরাপদ সময় ও সুযোগ খুঁজছিলেন তিনি। এখন মুহান্নাদ আল-লিলি আর সেই সুযোগটি পাবেন না।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসারায়েলের হামলায় পর এখন পর্যন্ত মৃত্যুবরণ করা ক্রীড়াবিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৫ জনে। এর মধ্যে কেবল ফুটবল অঙ্গনেরই ২৬৫ জন রয়েছেন। পাশাপাশি ক্রীড়া স্থাপনাও ব্যাপকভাবে ধ্বংস হওয়ার কথা জানিয়েছে ফেডারেশন।

বিবৃতিতে তারা লিখেছে, ‘দখলদার বাহিনীর হামলায় ধ্বংস হওয়া ক্রীড়া স্থাপনার সংখ্যা এখন ২৬৪–তে পৌঁছেছে। এর মধ্যে ১৮৪টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর ৮১টি ধ্বংস হয়েছে আংশিকভাবে। এর মধ্যে ফিফার অর্থায়নে নির্মিত ১২টি স্টেডিয়ামের সব কটিই ইসরায়েলি হামলার শিকার হয়েছে এবং ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া গাজা উপত্যকার ইয়ারমুক ও ফিলিস্তিন স্টেডিয়ামগুলো এখন বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে।’

স্থানীয়ভাবে পরিচিত ফুটবলার মুহান্নাদ ফিলিস্তিনি ক্লাব খাদামাত আল–মাঘাজির হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে ২০১৬–১৭ মৌসুমে তিনি ফিলিস্তিন প্রিমিয়ার লিগে দলটির নেতৃত্বও দেন। এরপর মাঘাজি ছেড়ে শাবাব জাবালিয়াতে যোগ দেন মুহান্নাদ। এ ক্লাবের হয়ে তিনি দুটি মৌসুম খেলেন এবং ২০১৮–১৯ মৌসুমে দলকে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করতে সহায়তাও করেন।

শাবাবে সাফল্য পাওয়ার পর মুহান্নাদ যোগ দেন গাজা স্পোর্টস ক্লাবে। কিন্তু ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরির কারণে সেখানে খুব একটা কারণে খেলা হয়নি তার। এ পরিস্থিতিতে তিনি আবার নিজের প্রথম ক্লাব খাদামাতে আল–মাঘাজিতে ফিরে আসেন। কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় এবার নবাগত সন্তানের মুখ দেখার আগেই পাড়ি জমালেন অন্যলোকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD