যুক্তরাষ্ট্র জাতীয় দলের তারকা পেসার আলী খানের ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে ভারত। এতে বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত এই খেলোয়াড়।
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপের দল ঘোষণা না করলেও অনুমিতভাবেই দলে থাকার কথা এই ফাস্ট বোলারের। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার মঙ্গলবার এক ইন্সটাগ্রাম স্টোরিতে ভিসা না পাওয়ার খবর জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভিসা না পাওয়াদের তালিকায় আছেন যুক্তরাষ্ট্র দলের পাকিস্তানি বংশোদ্ভূত আরো তিন ক্রিকেটার।
ভিসা না পাওয়া চারজনের মধ্যে, আলী খান ও শায়ান জাহাঙ্গির মার্কিন পাসপোর্টধারী হওয়ার পরও ভিসা পাননি। অন্যদিকে, এহসান আদিল ও মোহাম্মদ মোহসিন মার্কিন দলে খেলছেন বসবাসের ভিত্তিতে। তাদের কাছে শুধু পাকিস্তানের পাসপোর্ট আছে।
আলি খানের জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানের পাঞ্জাবে। ১৮ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র দলে অভিষিক্ত পেসার এখন পর্যন্ত ১৫ ওয়ানডে ও ১৮ টি-টোয়েন্টি খেলেছেন। খেলেছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও।
সেখানে ভারতের রিশাভ পন্তের উইকেটও নিয়েছিলেন তিনি।