সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ফারুকীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে কঠোর সমালোচনা করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার নিজের ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, বাংলাদেশের যৌক্তিক নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করে আইসিসি স্পষ্টত ‘দ্বিমুখী নীতি’ অনুসরণ করছে।

ফারুকী তার লেখায় আইসিসির বৈষম্যমূলক আচরণের চিত্র তুলে ধরেন। তিনি প্রশ্ন রাখেন, ভারত যখন পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানায়, আইসিসি তা মেনে নেয়। আবার পাকিস্তান যখন ভারতে খেলতে চায় না, তখনও তাদের আপত্তি গ্রাহ্য করা হয়। কিন্তু বাংলাদেশ যখন বাস্তব ও সংগত কারণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাচ্ছে, তখন আইসিসির অবস্থান ঠিক উল্টো। একে তিনি আইসিসির নিরপেক্ষতার সংকট হিসেবে উল্লেখ করেন।

ভারতে বাংলাদেশিদের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণের সাম্প্রতিক উদাহরণ টেনে উপদেষ্টা লেখেন, ‘ভারত থেকে আমরা একের পর এক অত্যন্ত উদ্বেগজনক খবর পাচ্ছি, যেখানে বাংলাদেশি সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। ঠিক গতকালই, পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া এক মুসলিম ব্যক্তি মঞ্জুর লস্করকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে।’

আইসিসির ভেন্যু নির্বাচন নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি আরও উল্লেখ করেন, ‘বৃহস্পতিবার শিবসেনা নেতা আদিত্য ঠাকরে মুম্বাইয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। অথচ সেই মুম্বাইকেই বাংলাদেশ দলের একটি ম্যাচ আয়োজনের জন্য নির্ধারণ করেছে আইসিসি।’

ফারুকী তার স্ট্যাটাসে দীর্ঘদিন ধরে চলা বাংলাদেশবিরোধী বিদ্বেষমূলক প্রচারণার বিষয়টিও সামনে আনেন। তিনি বলেন, এই প্রচারণার ফল হিসেবেই আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে।

আইসিসির নিজস্ব নিরাপত্তা মূল্যায়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আইসিসির অভ্যন্তরীণ ও স্বাধীন নিরাপত্তা মূল্যায়নেও বলা হয়েছে, ভারতে বাংলাদেশ দলের খেলোয়াড় ও সমর্থকদের জন্য নিরাপত্তা ঝুঁকি মাঝারি থেকে উচ্চ মাত্রার। বিশেষ করে যদি দলে মুস্তাফিজুর রহমান থাকেন এবং খেলোয়াড়রা বাংলাদেশ দলের জার্সি পরেন।’ এমন রিপোর্টের পরও আইসিসির অনড় অবস্থানকে অযৌক্তিক বলে মনে করেন তিনি।

সবশেষে আইসিসির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘আইসিসি যদি সত্যিই নিজেকে এমন একটি সংস্থা হিসেবে তুলে ধরতে চায়, যারা সব সদস্য দেশের সঙ্গে সমান আচরণ করে, তাহলে বাংলাদেশের এই যৌক্তিক নিরাপত্তা উদ্বেগকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং যেকোনো মূল্যে ভারত থেকে ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করতে হবে। এখন দায়ভার আইসিসির, তাদের নিরপেক্ষতা প্রমাণ করার।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD