রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

নির্বাচনে প্রশাসন নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা : ইসি সানাউল্লাহ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। এছাড়া প্রশাসনকে কড়াকরিভাবে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের নির্দেশও দেন তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সব ভোটার যাতে ভোটকেন্দ্রে এসে নিরাপদে ভোট দিতে পারে এটা নিশ্চিত করতে হবে। সেই ভোটার যেই হোক না কেন। এবারের নির্বাচনে প্রার্থীদের ভোটের মাধ্যমে জিততে হবে, দুই নম্বরি কাজের কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্র ও কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীকে সবসময়ই প্রস্তুত থাকবে হবে, যাতে কেউ শৃঙ্খলা ভঙ্গের চিন্তাও না করতে পারে। আর চিন্তা করলেও যাতে কেউ বাস্তবায়ন করতে না পারে। এছাড়া ভোটকে উৎসবমুখর করাসহ সবাইকে নিরপেক্ষ থাকতে হবে।

এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ভোলার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভোলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ড. মু. মনিরুল ইসলাম। এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তারা নৌবাহিনী, কোস্ট গার্ড, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD