মাগুরার মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মধ্যরাতে কম্বল বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমিরসহ পাঁচ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩২টি কম্বল জব্দ করা হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আটককৃতদের মাগুরার ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যাডজুডিকেশন কমিটির বিচারকের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহম্মদপুর সদর ইউনিয়নের আমির হুসাইন আহম্মেদ কাবুল, ৬নং ওয়ার্ড সভাপতি মুকুল, ওবায়দুল্লাহ বীন হাফিজার, হাবিবুল্লাহ ও এরশাদ নামে ৫ জন মাগুরা-২ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী এম বি বাকরের পক্ষে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রচার চালাচ্ছিলেন। এ সময় তারা কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে রোগীদের মাঝে কম্বল বিতরণ শুরু করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. শাহানুর জামান এবং মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। প্রাথমিক তদন্তে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের সত্যতা পাওয়ায় ইউএনওর নির্দেশে পুলিশ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে হাসপাতালে ভোট চাওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছিল। ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যাডজুডিকেশন কমিটির বিচারক আইয়বুর রহমান সিয়াম আটককৃতদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করে মুক্তি দিয়েছেন।