মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা হৃদরোগে মৃত্যুঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী আসিফ নজরুলকে খন্দকার মোশতাকের সঙ্গে তুলনা করলেন ফজলুর রহমান রাশিয়ার সেনাসম্প্রসারণে পুতিনের নির্দেশ শুল্ক নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিউগিনি আবাসনে হামলা, জামায়াত এমপির জামাই গ্রেপ্তার নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্য প্রকাশে কড়াকড়ি পুতিনের রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার ঘরোয়া ক্রিকেটে প্রাণ ফেরাতে ‘ডি থ্রি’ ট্রফি চালু করছে বিসিবি

প্রধান উপদেষ্টার কথার সঙ্গে কাজের সম্পর্ক নেই: দেবপ্রিয় ভট্টাচার্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

প্রধান উপদেষ্টার কথা ও কাজের সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার কথার সঙ্গে কাজের সম্পর্ক নেই। তিনি (প্রধান উপদেষ্টা) বললেন ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই এক ছাতার নিচে থাকবে। কিন্তু ছাতা তো খুললই না, বৃষ্টি পড়ে যাচ্ছে।’

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন : রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংখ্যালঘু সম্প্রদায়ের নির্বাচনি অংশগ্রহণের পেছনে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করতে একটি জরিপ করে সিজিএস। অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরা হয়। দেশের ৫০৫ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে চালানো এই জরিপের ফলাফল বলছে, ৫০ শতাংশের বেশি অংশগ্রহণকালে উদ্বিগ্ন এবং ২৫ শতাংশের বেশি উত্তরদাতা নিজেকে অনিরাপদ বা চরম অনিরাপদ মনে করেন।

অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় হয়েছে বলেও মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল—ওনাদের দম ফুরিয়ে গেছে।’

‘অন্তর্বর্তী সরকারের যেটুকু সক্ষমতা, যেটুকু সম্ভাবনা, তা শেষ সীমায় চলে গেছে। এখন ওনারা যেটা করতে পারে, তা হলো একটা ভালো নির্বাচন। অন্তর্বর্তী সরকার যদি তাদের দায়িত্বের শেষ পর্যায়ে একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে পারে, তাহলে সেই অর্জন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে।’

দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, ‘আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়। তবে অংশগ্রহণমূলক করার সুযোগ এখনো আছে। নারী হোক, অন্যান্য জনগোষ্ঠী হোক বা ভিন্নমতের রাজনীতির মানুষ হোক—নির্বাচনে সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।’

নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, ‘পিছিয়ে পড়া মানুষদের ভোটে আনা এবং ভোটের আগে-পরে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। সরকারের সামনে ভালো কাজ করার শেষ সুযোগ এটি। এই সরকার সর্বশেষ ভালো কাজটি যদি করে যেতে পারে, তাহলে ইতিহাসের পাতায় তাদের কিছুটা জায়গা পাওয়ার সুযোগ হলেও হতে পারে।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও ছিলেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার ও অর্থনীতিবিদ সেলিম জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিজিএসের সভাপতি জিল্লুর রহমান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD