বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ার মধ্যবর্তী নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে দুই ঘাটেই যাত্রীবাহী বাস, ট্রাকসহ ছোট ছোট যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) ভোর ৫টা ১০ মিনিট থেকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। ফলে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নৌপথে দৃষ্টিসীমা কমে যায়। নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

তিনি আরও জানান, বর্তমানে দৌলতদিয়া ঘাট প্রান্তে ৪টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটের দুই প্রান্তেই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD