দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকার সরকারি আশ্বাসের মধ্যেও পেট্রল পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, তেল না পাওয়ার অভিযোগ এবং হঠাৎ অস্থিরতা। অনুসন্ধানে দেখা গেছে, জ্বালানি সংকটের মূল কারণ সরবরাহ ঘাটতি নয়, বরং অসাধু মজুদদারদের কৃত্রিম সংকট সৃষ্টি। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। অন্যথায় ভোগান্তিসহ বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিও তৈরি হতে পারে।
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতাকে কেন্দ্র করে জ্বালানি তেলের দাম বাড়তে পারে—এমন আশঙ্কায় এক শ্রেণির ব্যবসায়ী ও ব্যক্তি তেল তেল মজুদ করছেন। শুধু ব্যবসাপ্রতিষ্ঠান নয়, বাসাবাড়ি, গ্যারেজ এমনকি ঝুঁকিপূর্ণ পরিবেশেও জ্বালানি সংরক্ষণ করা হচ্ছে। ফলে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও সাধারণ ভোক্তারা সংকটের মুখে পড়ছেন।
দেশের বিভিন্ন জেলায় প্রশাসনের অভিযানে অবৈধ মজুদের একাধিক ঘটনা ধরা পড়েছে।
শেরপুরে একটি আবাসিক ভবনের নিচতলায় প্রায় ২৫ হাজার লিটার তেল মজুদ পাওয়া গেছে। চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় উদ্ধার হয়েছে প্রায় ছয় হাজার লিটার ডিজেল। চাঁপাইনবাবগঞ্জে ‘তেল নেই’ লেখা একটি পাম্পে পাওয়া গেছে প্রায় ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি তেল। এ ছাড়া জামালপুর, নেত্রকোনা, কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায় লাইসেন্স ছাড়া তেল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুধু মজুদই নয়, কোথাও কোথাও তেল লুকিয়ে রেখে বিক্রি বন্ধ করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। জামালপুরে এমনই এক ঘটনায় দুই হাজার ৫০০ লিটার তেল মজুদ রেখে বিক্রি বন্ধ রাখার প্রমাণ পেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করে প্রশাসন এবং তাৎক্ষণিকভাবে বিক্রির ব্যবস্থা করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, অবৈধভাবে জ্বালানি মজুদ করা শুধু বেআইনি নয়, অত্যন্ত ঝুঁকিপূর্ণও। পেট্রল ও অকটেন অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ায় বদ্ধ স্থানে এগুলো সংরক্ষণ করলে সামান্য আগুনের সংস্পর্শেই বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের মতে, নিরাপত্তা মান না মেনে জ্বালানি সংরক্ষণ প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।
এই পরিস্থিতি মোকাবেলায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। প্রতিটি জেলায় ‘ভিজিল্যান্স টিম’ গঠন করে নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে দেশের সব পেট্রল পাম্পে একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাঁরা নিয়মিত কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। তেলের ডিপোগুলোতে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েনের উদ্যোগও নেওয়া হয়েছে। এ ছাড়া অবৈধ মজুদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান জোরদার করা হয়েছে। সরকার জানিয়েছে, অবৈধ মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে।