শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

ডিজিএফআইয়ের আরও এক সাবেক মহাপরিচালক গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুরের ডিওএইচএস-এর ১২ নম্বর রোডের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির দায়িত্বশীল একটি সূত্র মো. আফজাল নাছেরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, তা জানা যায়নি।

সূত্র বলছে, গ্রেপ্তার মো. আফজাল নাছের ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের ডিজি ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক-এগারোর সরকারের সময় নির্যাতনের অন্যতম হোতা ছিলেন তিনি। তারেক রহমানকে নির্যাতনকালে সশরীর উপস্থিত ছিলেন সাবেক ডিজিএফআইয়ের এই আফজাল নাছের। ২০০৯ সালের ৫ নভেম্বর বরখাস্ত হন তিনি।

এর আগে, এক-এগারো সরকারের দুই কুশীলব সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি। তারা এখন ডিবির কাছে রিমান্ডে রয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পেশাগত জীবনে আফজাল নাছের ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার সেনবাগে। এক-এগারো পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ৫ নভেম্বর তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর অবশেষে আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়লেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD