বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

নেতানিয়াহুর দুর্নীতির বিচার শুরু হচ্ছে রোববার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতির মামলার বিচার কার্যক্রম আগামী রোববার থেকে আবার শুরু হচ্ছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর দেশজুড়ে জারি থাকা জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা আসার পর আদালত সিদ্ধান্তটি নিয়েছে বলে গতকাল বৃহস্পতিবার এক মুখপাত্র জানিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

পরবর্তীকালে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়। ফলে তেল আবিবসহ বিভিন্ন শহরে বন্ধ থাকা স্কুল ও কর্মস্থল আবার খুলে দেওয়া হয়।

ইসরায়েলি আদালতের বিবৃতিতে বলা হয়েছে, জরুরি অবস্থা প্রত্যাহারের ফলে বিচার কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে। রোববার থেকে বুধবারের মধ্যে নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি অনুষ্ঠিত হতে পারে।

নেতানিয়াহুর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে ঘুষ গ্রহণ, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতি। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। ২০১৯ সালে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় এবং ২০২০ সালে বিচার শুরু হয়। দোষী প্রমাণিত হলে তার কারাদণ্ড হতে পারে।

এটি ইসরায়েলের ইতিহাসে প্রথম ঘটনা, যেখানে কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে ফৌজদারি বিচারের মুখোমুখি করা হচ্ছে।

এ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের প্রেসিডেন্টের কাছে তাকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD