শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

নিষেধাজ্ঞার পর ভারত থেকে গম আমদানি শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

৩ বছর ৬ মাস ১৩ দিন বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে গম আমদানি শুরু হয়েছে। ভারত সরকারের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর শনিবার (১১ এপ্রিল) বিকেলে পরীক্ষামূলকভাবে ভারত থেকে ৩টি ট্রাকে ১১৬ টন গম দেশে প্রবেশ করে।

বন্দর সূত্রে জানা গেছে, আমদানিকৃত গমের চালানটি এনেছে মিফা ইন্টারন্যাশনাল এবং ভারতের ইজান ট্রেডার্স তা রফতানি করেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর গম আমদানি পুনরায় শুরু হওয়ায় বন্দর এলাকায় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এর আগে, দেশের অভ্যন্তরীণ বাজারে গমের মূল্যবৃদ্ধির অজুহাতে ২০২২ সালের ১৩ মে ভারত সরকার গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। ফলে হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি পুরোপুরি বন্ধ হয়ে যায়।

হিলি স্থলবন্দরের আমদানিকারক মোস্তাফিজুর রহমান বলেন, গত ১৩ ফেব্রুয়ারি ভারত সরকার গম রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। এর প্রেক্ষিতে শনিবার পরীক্ষামূলকভাবে ৩ ট্রাক গম আমদানি করা হয়েছে। ভবিষ্যতে আমদানির পরিমাণ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ভারত নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি শুরু হয়েছে। আমদানিকারকদের আবেদন পাওয়ার পর তা পরীক্ষা করে সনদ দেওয়া হবে। এরপর তারা দ্রুত গম খালাস করে নিতে পারবেন।

তিনি আরও জানান, আমদানি কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD