বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

ইরানসহ তিন দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

ইরান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২১ এপ্রিল) মার্কিন অর্থ মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়, ইরানের জন্য অস্ত্র সংগ্রহ এবং পরিবহনে জড়িত থাকার অভিযোগে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের সামরিক কর্মকাণ্ডে সহায়তাকারীদের আর্থিক লেনদেনের ওপর নজরদারি অব্যাহত রাখা এবং তাদের জবাবদিহিতার আওতায় আনার পথেও হাঁটছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন এবং শাহেদ ড্রোনের ব্যবহার বিস্তারের প্রচেষ্টা বাধাগ্রস্ত করাই এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য। ওয়াশিংটনের দাবি, এই ড্রোনগুলো মার্কিন স্বার্থ এবং আঞ্চলিক অবকাঠামোর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।

এবারের নিষেধাজ্ঞার তালিকায় ‘মাহান এয়ার’-এর সঙ্গে সম্পৃক্ত নেটওয়ার্কগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিমান সংস্থার বিরুদ্ধে অস্ত্র ও ড্রোন সিস্টেম পরিবহনের অভিযোগ রয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্রের জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানকে সামরিক কর্মকাণ্ডে যারা সহায়তা করছে, যুক্তরাষ্ট্র তাদের আর্থিক লেনদেনের ওপর নজরদারি অব্যাহত রাখবে এবং তাদের জবাবদিহিতার আওতায় আনবে। ভবিষ্যতে এই ধরনের আরও পদক্ষেপ নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD