জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে বর্তমান সরকার পূর্ণ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি শব্দ ও লাইন অক্ষুণ্ণ রেখে এই সনদ বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বর্তমানে দেশে জ্বালানি সংকট ও বৈশ্বিক অস্থিরতা চলছে। এই কঠিন সময়েও প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দক্ষতার সঙ্গে স্থিতিশীল পরিবেশ বজায় রেখে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। এটি বাংলাদেশের ইতিহাসে এক বিরল অধ্যায়।
তিনি আরও উল্লেখ করে বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাসের মাথায় নিউ ইয়র্ক ভিত্তিক বিশ্বখ্যাত ‘টাইম ম্যাগাজিন’-এ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমানের নাম স্থান পাওয়া দেশের জন্য বড় গৌরব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শিতা এবং খালেদা জিয়ার নেতৃত্বের গুণাবলি আজ তারেক রহমানের মধ্যে প্রতিফলিত হচ্ছে।
ছাত্র রাজনীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের কাছে গতানুগতিক অস্ত্র ও পেশিশক্তির রাজনীতি গ্রহণযোগ্য নয়।
৫ আগস্টের পর এখনো যারা অস্ত্র ও চাপাতির রাজনীতি করার চেষ্টা করছে, তাদের সমালোচনা করে তিনি বলেন, জ্বালানি সংকট নিয়ে যেমন সংসদে ঐতিহাসিক আলোচনা হয়েছে, তেমনি ছাত্র রাজনীতির সংস্কার ও ভবিষ্যৎ নিয়েও গভীর আলোচনার প্রয়োজন রয়েছে।