যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত হোটের হিলটনে বন্দুক হামলাকারীকে তৎক্ষণাৎ আটক করেছে নিরাপত্তা বাহিনী। দুজন আইন প্রয়োগকারী কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, গুলি চালানোর ঘটনায় জড়িত ব্যক্তি হলেন ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা কোল টমাস অ্যালেন (৩১)।
শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প। এই ঘটনাকে তিনি ওয়াশিংটনের জন্য এক অদ্ভুত সন্ধ্যা বলে অভিহিত করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গ্রেপ্তার টমাস অ্যালেন পেশায় একজন শিক্ষক ও ভিডিও গেম ডেভেলপার। নিজেকে একজন ভিডিও গেম ডেভেলপার হিসেবেও পরিচয় দেন তিনি। তার তৈরি ‘বোরডোম’ নামের একটি ইন্ডি গেম স্টিম প্ল্যাটফর্মে বিক্রির জন্য প্রকাশিত হয়েছে।
টমাস অ্যালেনের লিংকডইন প্রোফাইলে দেখা গেছে, তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবে সি-২ এডুকেশন নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি তাকে ‘টিচার অব দ্য মান্থ’ ঘোষণা করেছিল।
লিংকডইন-এর তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। গত বছর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, ডমিংগেজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রাবস্থায় হুইলচেয়ারের জন্য জরুরি ব্রেকের একটি প্রোটোটাইপ তৈরি করে ২০১৭ সালে স্থানীয় গণমাধ্যমে আলোচনায় আসেন তিনি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের তথ্য বলছে, গত নির্বাচনে টমাস অ্যালেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে প্রচারণা চালান। এমনকি অক্টোবরে অনুষ্ঠিত ওই নির্বাচনে হ্যারিসের নির্বাচনি প্রচারণায় ২৫ ডলার অনুদান দিয়েছিলেন তিনি।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানিয়েছেন, গুলির ঘটনায় গ্রেপ্তার অ্যালেনের অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা এবং জনসমক্ষে গুলি চালানোর মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হচ্ছে। তদন্তের স্বার্থে ইতোমধ্যেই সার্চ ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে এবং অভিযুক্তের ক্যালিফোর্নিয়ার বাসভবনে তল্লাশি চালানো হচ্ছে।
এই সংঘর্ষে সিক্রেট সার্ভিসের ইউনিফর্ম পরিহিত একজন অফিসার গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প। তবে বুলেটপ্রুফ ভেস্ট পরিহিত থাকায় বড় ধরনের বিপদ থেকে তিনি বেঁচে গেছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।
ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, রাত ৮টা ৩৬ মিনিটে এ ঘটনা ঘটে। একজন বন্দুকধারী হোটেলের নিরাপত্তাবলয় ভেঙে লবিতে প্রবেশের চেষ্টা করে। তবে সিক্রেট সার্ভিস এজেন্টদের তাৎক্ষণিক তৎপরতায় হামলাকারীকে প্রতিহত করা সম্ভব হয়।
মেয়র নিশ্চিত করেছেন, হামলাকারী বন্দুকধারী নিজেও আহত হয়েছে এবং বর্তমানে তাকে কড়া পাহারায় হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে। হোটেলের ভেতরে যখন ডোনাল্ড ট্রাম্পসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অবস্থান করছিলেন, ঠিক সেই সময়ে এই হামলা পুরো আমেরিকার নিরাপত্তা ব্যবস্থাকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।
তিনি জানান, এফবিআই এবং গোয়েন্দা সংস্থাগুলো এখন খতিয়ে দেখছে এই হামলার নেপথ্যে কোনো বড় গোষ্ঠীর হাত রয়েছে কি না।
হামলাকারীকে ‘অসুস্থ ব্যক্তি’ হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে দ্রুত পদক্ষেপ নিয়ে বড় বিপদ এড়াতে সক্ষম হয়েছেন। এই ঘটনায় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মানসিকভাবে কিছুটা আঘাত পেয়েছেন বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সূত্র: এপি, সিএনএন, রয়টার্স