পিএসএলে দারুণ ছন্দে আছেন বাবর আজম। পেশোয়ার জালমির হয়ে সবশেষ ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন ফ্রাঞ্চাইজিটির অধিনায়ক।
তাতে ফাইনাল নিশ্চিত করেছে তার দল। বাবরের এমন পারফরম্যান্সের প্রশংসা করেছে পাকিস্তানের টেস্ট কোচ সরফরাজ আহমেদ।
গত কয়েক মাস ধরে নিজের মতো করে পারফর্ম করতে পারছিলেন না বাবর। জাতীয় দলেও সুবিধা করতে না পারায় দল থেকেও বাদ পড়তে হয় তাকে। তবে এবার চলমান পিএসএল দিয়ে স্বরূপে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটার।
বাবরকে নিয়ে সফরাজ বলেন, ‘বাবর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ব্যাটিং টেকনিক। বাবর আবারও রান পাচ্ছেন এবং কারিগরিভাবেও তাকে এখন অনেক বেশি ‘সলিড’ মনে হচ্ছে।’
আগামী মাসেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান টেস্ট দল। এই স্কোয়াডে আছেন বাবর। তাই আসন্ন এই সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেটেও ফর্মে ফিরবনে বাবর বলে আশা সরফরাজের। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে তিনি রান পেলেও টেস্ট দলে যোগ দেওয়ার পর তার নির্দিষ্ট ভূমিকা কী হবে, তা নিয়ে নতুন করে পরিকল্পনা করা হবে।’
আগামী ১ মে পর্যন্ত ক্যাম্প করবে পাকিস্তান দল। এরপর ২ মে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে পাকিস্তান দল। ৮ মে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৬ মে।
আসন্ন এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফলে দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের পর বছরের শেষ দিকে ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।