সোমবার, ০৪ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

এসএসসির গণিত পরীক্ষায় ১৪ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ১৮ হাজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
এসএসসির গণিত পরীক্ষায় ১৪ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ১৮ হাজার

চলমান এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত গণিত (আবশ্যিক) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩ মে) অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট ১৮ হাজার ৬৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল, যা মোট পরীক্ষার্থীর ১ দশমিক ৪২ শতাংশ।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবিরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, আজকের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ৩৪ হাজার ৯৪৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১১টি বোর্ড মিলিয়ে মোট ২৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে আজ গণিত পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ১৭ হাজার ১৭৩ জন। এর মধ্যে ১২ লাখ ৯৮ হাজার ৫২১ জন পরীক্ষায় অংশগ্রহণ করলেও ১৮ হাজার ৬৫২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। সাধারণ বোর্ডগুলোতে অনুপস্থিতির গড় হার ১ দশমিক ৪২ শতাংশ।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ১২ হাজার ৫৭৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পদার্থ বিজ্ঞান-২ পরীক্ষায় ৩ হাজার ৭১৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

বোর্ডভিত্তিক অনুপস্থিতির পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৪ হাজার ৫৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এছাড়া রাজশাহীতে ২ হাজার ৪০৩ জন, কুমিল্লায় ১ হাজার ৮৫০ জন, যশোরে ২ হাজার ৭৬ জন, চট্টগ্রামে ১ হাজার ৪৮৩ জন, সিলেটে ৯৫১ জন, বরিশালে ১ হাজার ৬৯১ জন, দিনাজপুরে ২ হাজার ১৬৬ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৪৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। মাদ্রাসা বোর্ডে অনুপস্থিতির হার ছিল সর্বোচ্চ ৫.০৫ শতাংশ।

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আজ মোট ২৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ১৪ জন, মাদ্রাসা বোর্ডে ৬ জন এবং কারিগরি বোর্ডে ৬ জন শিক্ষার্থী রয়েছে।

সাধারণ বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে ৩ জন, রাজশাহীতে ২ জন, যশোরে ২ জন, বরিশালে ৩ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৩ জন এবং সিলেটে ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। তবে কুমিল্লা, চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অন্য সব কেন্দ্রে পরীক্ষা পরিস্থিতি ছিল সন্তোষজনক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD