রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
লেবাননের রকেট-ড্রোন হামলায় কেঁপে উঠল ইসরায়েল হিন্দুপাড়ায় মুসলিম থাকবে কেন? বৃদ্ধ দম্পতির বাড়িতে চড়াও বিজেপির ‘ধর্মরক্ষক’রা ইরানে ‘কয়েক ডজন’ হামলায় গোপনে ভূমিকা রেখেছিল আমিরাত কোরবানির বর্জ্য অপসারণে ঘোষণার সঙ্গে বাস্তবের মিল নেই : জামায়াত ইরানে পুনরায় সর্বাত্মক হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র জিয়াউর রহমানের বেতার ভাষণের কথা স্মরণ করল ভারত প্রধানমন্ত্রীকে পেয়ে প্রাণভরে দোয়া করলেন দৃষ্টিহীন নূরজাহান বেগম রাজস্ব থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত সেট পিসের সেরা আর্সেনাল বনাম পিএসজির রক্ষণ আদ্ দ্বীন হাসপাতালের ছাদে বেকারি দেখে ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী

নাহিদ রানার গতির মুখে পড়তে চান না বাবর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

মাঠে তো উৎসব করেছেনই, টিম হোটেলেও একসঙ্গে শিরোপা উদ্‌যাপনে মেতে ওঠার কথা বাবর আজম, নাহিদ রানাদের। লাহোরে গতকাল হায়দরাবাদ কিংসমেনকে হারিয়ে পিএসএল চ্যাম্পিয়ন হয়েছে তাঁদের দল পেশোয়ার জালমি। তবে সপ্তাহ পার হওয়ার আগেই বাবর-নাহিদ মুখোমুখি হচ্ছেন প্রতিপক্ষ হিসেবে।

৮ মে ঢাকায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। এবারের পিএসএলে নাহিদ যেভাবে খেলেছেন, তাতে বাবর নাকি তাঁর বোলিং এড়িয়ে যেতে পারলে বাঁচেন—পিএসএল ফাইনালের পর এমন দাবিই করলেন দুজনের সতীর্থ অ্যারন হার্ডি। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার নাহিদের উচ্ছ্বসিত প্রশংসা করে এ–ও বলেছেন, বাংলাদেশের এই পেসার বিশ্বের নানান ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে দাপিয়ে বেড়াবেন, এমন ভবিষ্যৎই তিনি দেখতে পাচ্ছেন।

এবারের পিএসএলে নাহিদ রানা খেলেছেন মোটে ৫ ম্যাচ। লিগ পর্বে চার ম্যাচ খেলে দেশে ফিরে এসেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য। বিসিবি জানিয়েছিল, নাহিদকে আর পিএসএলে পাঠানো হবে না, প্রস্তুতি নেবেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য।

তবে পেশোয়ার ফাইনালে ওঠার পর নাহিদকে ফিরে পেতে দলটি বিশেষভাবে অনুরোধ করলে বিসিবি তাঁকে ছাড়পত্র দেয়। গতকাল সেই ফাইনালেই ৪ ওভার বল করে ২২ রানে ২ উইকেট নেন নাহিদ। নেন একটি মেডেন।

সব মিলিয়ে এবারের পিএসএলে নাহিদের শিকার ৫ ম্যাচে ৯ উইকেট। তবে উইকেটের চেয়েও তাঁর গতি সতীর্থ, প্রতিপক্ষ ও বিশ্লেষকদের বেশি আকর্ষণ করেছে। তাঁর ঘণ্টায় দেড় শ কিলোমিটারের বেশি গতির ডেলিভারিগুলো সামলানো প্রতিপক্ষের জন্য কতটা কঠিন ছিল, সেটি উঠে এসেছে ফাইনালের পর হার্ডির কথায়, ‘সে মাত্র তিন দিন আগে প্লেন থেকে নামল এবং আজও দুর্দান্ত গতিতে বল করল। করাচিতে যখন সে রীতিমতো ছুটছিল এবং ১৫১ কিলোমিটার গতিতে বল করছিল, ব্যাটসম্যানদের জন্য সেটা ছিল ভয়াবহ।’

পিএসএল ফাইনালে বল হাতে ৪ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন হার্ডি। পেশোয়ারের ৫ উইকেটের জয়ে ফাইনাল–সেরা হওয়া এই অলরাউন্ডার আসন্ন বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ আর সেখানে নাহিদ-বাবরের মুখোমুখি হওয়ার প্রসঙ্গ টেনে বলেন, ‘আমি জানি, সপ্তাহখানেকের মধ্যে নাহিদের টেস্ট খেলা আছে। এটাও জানি যে বাবর তাকে মোকাবিলা করার জন্য মোটেও মুখিয়ে নেই। তাই সেখানে একটা বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাই হবে।’

২৩ বছর বয়সী নাহিদ বাংলাদেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলেছেন শুধু পাকিস্তানেই। অস্ট্রেলিয়ার হয়ে ১৫ ওয়ানডে ও ১৬ টি-টুয়েন্টি খেলা হার্ডি মনে করেন, অদূর ভবিষ্যতে নাহিদের ডাক আসবে বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকেও, ‘আমি দেখতে পাচ্ছি, সে সারা বিশ্বে ঘুরে বেড়াবে এবং যেকোনো প্রতিযোগিতায় খেলবে। তার মতো প্রতিভাবান খেলোয়াড়কে সবাই সাদরে গ্রহণ করবে। আমি তাকে নিয়ে খুবই রোমাঞ্চিত।’

পিএসএল ফাইনালে ‘সুপার পাওয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার পেয়েছেন নাহিদ। উইজডেনের পিএসএল একাদশে জায়গা পেয়েছেন তিনি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD