ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি এখনও শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মঙ্গলবার পেন্টাগনে এ সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেছেন তিনি।
এ সময় তেহরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।
সোমবারের সংঘাতের পর যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে কি না, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘‘না, যুদ্ধবিরতি শেষ হয়ে যায়নি।’’ ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের চেয়ে ‘প্রজেক্ট ফ্রিডম’ সম্পূর্ণ আলাদা একটি বিষয় বলেও জানিয়ে দেন।
হেগসেথ বলেন, ‘‘আমরা বলেছিলাম, নিজেদের রক্ষা করব এবং আগ্রাসীভাবেই রক্ষা করব। আমরা ঠিক সেটিই করেছি। ইরান তা জানে। শেষ পর্যন্ত কোনও সংঘাতের মাত্রা বেড়ে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর্যায়ে পৌঁছাবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট।’’
মার্কিন এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, পরিস্থিতি যেন সেই সীমা অতিক্রম না করে, সে বিষয়ে আমরা ইরানকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাব। এখন পর্যন্ত যুদ্ধবিরতি বহাল আছে। তবে আমরা অত্যন্ত নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।