সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

সাহেদের বিরুদ্ধে র‌্যাবের কাছে ২৪ ঘণ্টায় ৯২ অভিযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের প্রতারণার তথ্য আহ্বানের প্রথম দিনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কাছে ৯২টি অভিযোগ জমা পড়েছে। শনিবার পর্যন্ত সবশেষ তথ্য অনুযায়ী র‌্যাবের নির্ধারিত সেলে এ অভিযোগ এসেছে।

র‌্যাব জানায়, ভুক্তভোগীর কাছ থেকে সাহেদের প্রতারণার বিষয়ে তথ্য আহ্বানের পর থেকে বিপুল সংখ্যক মানুষ নানাভাবে র‌্যাবকে তথ্য জানিয়ে সহায়তা চাচ্ছেন। একদিনেই সাহেদের বিরুদ্ধে ৯২টি প্রতারণার অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ফোনকলের মাধ্যমে ভুক্তভোগীরা র‌্যাবকে ৭২টি অভিযোগ দিয়েছেন। আর ২০টি অভিযোগ এসেছে মেইলে। যারা বিভিন্ন প্রতারণার তথ্য প্রমাণসহ র‌্যাবকে মেইল করেছেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাহেদের দ্বারা প্রতারিত হয়ে বিপুল সংখ্যক ভুক্তভোগী র‌্যাবকে তথ্য জানাচ্ছেন। অভিযোগগুলো যাচাই-বাছাই স্বাপেক্ষে ভুক্তভোগিদের আইনি সহায়তার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে রিজেন্টের প্রতারণার দায়ে গ্রেপ্তার প্রতারক সাহেদের ব্যাপারে ভুক্তভোগীদের কাছ থেকে যেকোনো তথ্য, অভিযোগ বা আইনি সহায়তা পেতে যোগাযোগের আহ্বান জানায় র‌্যাব। সাহেদের প্রতারণা, বিভিন্ন অপরাধের বিষয়ে চাইলে যে কেউ আমাদের তথ্য দিয়ে সহায়তা করতে পারেন। কোনো ভুক্তভোগী অভিযোগ দিতে চাইলে র‌্যাবের পক্ষ থেকে তাদের আইনি সহায়তা দেওয়া হবে।
তথ্য বা অভিযোগ জানাতে এবং আইনি সহায়তা পেতে যোগাযোগ: তদন্ত উইং, র‌্যাব হেডকোয়ার্টার, হটলাইন নম্বর: ০১৭৭৭৭২০২১১। ই-মেইল: rabhq.invest@gmail.com

উল্লেখ্য, গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালিয়ে সিলগালা করে দেয় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরদিন ১৭ জনের নাম উল্লেখ করে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র‌্যাব। ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাকরা কোমরপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD