শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

‘বলেছি জুলাই সনদ বাস্তবায়ন করব, আর ঝামেলা করার দরকার নেই’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, সংসদের সদস্য যারা হবেন তারা যদি সংসদীয় নিয়ম বুঝতে না চায়, আইন বুঝতে না চায়, তাহলে তো হবে না। এটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা। বিএনপির যথেষ্ট জনসমর্থন আছে, আমরা এটা নিয়ে চিন্তা করছি না। আমরা কারও হুমকি-ধমকিতে ভয় পাই না। আমরা অনুরোধ করব বিষয়টি বোঝার চেষ্টা করুন, সঙ্গেই থাকুন। আমরা যখন বলেছি জুলাই সনদ বাস্তবায়ন করব, তখন এর বাইরে কিছু চেয়ে ঝামেলা করার চেষ্টা করার দরকার নেই।

শুক্রবার বিকেলে জামালপুরের ইসলামপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, জুলাই জাতীয় সনদে সব রাজনৈতিক দল দরখাস্ত করেছে। প্রথমে এনসিপি স্বাক্ষর করে নাই, পরে তারাও করেছে। এ সনদে যা লেখা আছে এটা তারা মানতে চাচ্ছেন না। আমরা সবাই মিলে একমত হয়ে দরখাস্ত করলাম, তারপর এটা মানব না, এটা তো হতে পারে না। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন জুলাই জাতীয় সনদ অক্ষর অক্ষরে মান্য করব। এই সংসদ দায়িত্ব নেওয়ার পরে একশর বেশি অধ্যাদেশ যা অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে, সেটা সংসদে একটা একটা করে পাস করতে অনেক দিন সময় চলে গেছে।

আলোচনা সভায় জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবুর সভাপতিত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD