ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেছেন, রাজধানীতে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বসুন্ধরা এলাকায় ভাটারা, বাড্ডা এবং খিলক্ষেতের অংশ ভেঙে “বসুন্ধরা” নামে থানা স্থাপন করা হবে।
গতকাল শুক্রবার (০৮ মে) রাজধানীর ৩০০ ফিটে পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার বলেন, রায়েরবাজারেও একটি নতুন থানা হতে যাচ্ছে। এটার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে আছে। এটা শিগগির পাস করার চেষ্টা করছি। এ ছাড়া খিলগাঁও এলাকা ভেঙে একটি থানা এবং মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের কিছু এলাকা নিয়ে আরও একটি নতুন থানা করার চেষ্টা করা হচ্ছে। এর বাইরেও আরও কয়েকটি এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজ চলছে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ‘পূর্বাচল এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় যাচ্ছে। আমরা এখনো আদেশ পাইনি। পেলে ওই এলাকায় পুলিশিং শুরু করব। পূর্বাচলে চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দিয়ে রেখেছি। এ ছাড়া পূর্বাচল এলাকায় ট্রাফিক ডিভিশন, এমটিও ওয়ার্কশপসহ পুলিশ লাইনস স্থাপনে ৬ হাজার ফোর্সের চাহিদা আছে।’
তিনি আরও বলেন, ‘গত কয়েক মাসে ডিএমপিতে প্রায় ৮ হাজার পুলিশ সদস্যের নতুন আবাসনব্যবস্থা পুলিশ সদর দপ্তরের মাধ্যমে করা হয়েছে। পর্যায়ক্রমে আবাসন বৃদ্ধি করা হচ্ছে।’