বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট শুরু আজ, আওয়ামীপন্থিদের ‘বর্জনের ডাক’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

আওয়ামী লীগ সরকারের পতনের পৌনে দুই বছর পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপিম কোর্ট বার) নির্বাচনের (২০২৬-২৭) ভোটগ্রহণ শুরু হচ্ছে। দুদিনব্যাপী এ ভোটগ্রহণ আজ বুধবার (১৩ মে) শুরু হয়ে চলবে আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (দুপুর ১টা-২টা পর্যন্ত বিরতি) ভোটগ্রহণ চলবে।

সুপ্রিম কোর্ট বারে এক বছরের প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে সভাপতি ও সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এবার ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১১ হাজার ৯৭ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

তবে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হয়নি আওয়ামীপন্থি আইনজীবীদের। বিভিন্ন পদে আওয়ামীপন্থি ৪১ জনের মনোনয়নপত্র কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

মঙ্গলবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে সাধারণ আইনজীবীদেরও ভোটদান থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

পরে বাতিল হলেও সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করা সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মোকসেদুল ইসলাম এ বিজ্ঞপ্তি পাঠান।

সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এ নির্বাচন নির্দলীয় হলেও কার্যত দলপন্থিদের নিয়ে প্যানেলের আদলে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে রাজনৈতিক দল ও সারাদেশের জেলা বারের আইনজীবীদের নজর ও উৎসাহ থাকে।

প্রথমবারের মতো এ নির্বাচনে আওয়ামীপন্থিদের (সাদা) প্যানেল না থাকলেও ভোটে অংশ নিয়েছে বিএনপিপন্থিদের নীল প্যানেল, জামায়াতপন্থিদের সবুজ প্যানেল ও এনসিপিপন্থিদের লাল-সবুজ প্যানেল। তবে নীল ও সবুজ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলেও মাত্র ছয়টি পদে প্রার্থী দিয়েছে লাল-সবুজ প্যানেল। ‘ভোট সুষ্ঠু হলে’ নির্বাচনে জয়ের আশা করেছে সব পক্ষই।

আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দুই বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। এ অবস্থায় বার নির্বাচনে জয় নিয়ে আশাবাদী বিএনপিপন্থি আইনজীবীরা এরই মধ্যে উৎসবে মেতে উঠেছেন। যদিও নির্বাচনে ভোট না দেওয়ার বিষয়ে দলীয় আইনজীবীদের নিয়ে জোট বেঁধেছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো অভিযোগ তোলেননি জামায়াত ও এনসিপিপন্থি কিংবা দলীয় পরিচয়হীন স্বতন্ত্র প্রার্থীরা।

বিএনপি সমর্থিত প্যানেল: বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, দুটি সহ-সভাপতি পদে মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক পদে মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পদে জিয়াউর রহমান, দুটি সহ-সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাতটি সদস্য পদে এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, কবির হোসেন, টিপু সুলতান, জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া এবং ওয়াহিদ আফরোজ চৌধুরী প্রার্থী হয়েছেন।

জামায়াত সমর্থিত প্যানেল: জামায়াতে সমর্থিত প্যানেলে সভাপতি পদে আবদুল বাতেন, দুটি সহ-সভাপতি পদে আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী, সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার, কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম, দুটি সহ-সম্পাদক পদে তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভুইয়া প্রার্থী হয়েছেন।

সাতটি সদস্য পদে আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মো. ফয়েজউল্লাহ, মো. জুবায়ের টিটু, মাহমুদুল হাসান ও মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এনসিপি সমর্থিত প্যানেল: এনসিপি সমর্থিতরা আংশিক প্যানেল দিয়েছেন। এর মধ্যে সম্পাদক পদে আজমল হোসেন বাচ্চু, সহ-সম্পাদক পদে মোস্তফা আসগর শরীফী এবং সদস্য পদে আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো. বনি আমিন ও মাজহারুল ইসলাম প্রার্থী হয়েছেন।

প্যানেলের বাইরে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ আর সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভুইয়া, আবু ইয়াহিয়া দুলাল, ওমর ফারুক, মোহাম্মদ আশরাফ উজ-জামান খান ভোটে লড়ছেন। সদস্য পদে রয়েছেন জোবায়ের তায়েব ও তপন কুমার দাস। নির্বাচন পরিচালনার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD