বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

আবারও পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
আবারও পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র

বাবা ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের ফুটবলের বর্তমান, আর ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো যেন দেশটির ফুটবলের ভবিষ্যৎ। পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) মঙ্গলবার জানিয়েছে, আগামী ১৯ থেকে ২৪ মে পর্তুগালের উত্তরাঞ্চলে অনুষ্ঠিতব্য উয়েফা ডেভেলপমেন্ট টুর্নামেন্টের জন্য অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেয়েছেন রোনালদো জুনিয়র।

পর্তুগালের ব্রাগানসা শহরে আয়োজিত এই টুর্নামেন্টে রোনালদো জুনিয়রদের প্রতিপক্ষ গ্রিস, ইতালি এবং চেক প্রজাতন্ত্র।

১৫ বছর বয়সী জুনিয়র রোনালদো ইতোমধ্যে পর্তুগালের বয়সভিত্তিক দলে নিজের জাত চিনিয়েছেন। অনূর্ধ্ব-১৬ দলের হয়ে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে ১টি গোল করেছেন তিনি। এর আগে অনূর্ধ্ব-১৫ দলের হয়েও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া।

বাবার ক্লাব পরিবর্তনের সাথে সাথে জুনিয়র রোনালদোর ফুটবল পাঠশালাও বদলেছে। জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড এবং বর্তমানে আল নাসরের যুব একাডেমিতে খেলছেন তিনি। আল নাসরের মূল দলের সাথেও তার অনুশীলনের খবর ইতোমধ্যে সংবাদ মাধ্যমে চাউর হয়েছে।

শারীরিক শক্তি, গোল করার ক্ষমতা এবং মাঠের লড়াকু মানসিকতা- সব দিক থেকেই তিনি এখন বাবার প্রতিচ্ছবি হয়ে উঠছেন। গত ফেব্রুয়ারিতে আলগার্ভ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এবং অক্টোবরে তুরস্কে অনুষ্ঠিত কনফেডারেশন কাপে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন রোনালদো জুনিয়র।

ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত একটি টুর্নামেন্টের ফাইনালে জোড়া গোল করে পর্তুগালকে শিরোপা জেতাতেও বড় ভূমিকা রেখেছিলেন এই ক্ষুদে রোনালদো।

রোনালদো যখন তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ (২০২৬) খেলার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই পর্তুগিজ ফুটবলের নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে পাদপ্রদীপের আলোয় উঠে আসছেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD