বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় জানাজা শেষ হয়। জানাজা শেষে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যাওয়ার সময় উপস্থিত লোকজন স্লোগান শুরু করেন। এসময় ‘বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে শোনা যায়।
নেতাকর্মীরা স্লোগান ধরে প্রিয় নেতার মরদেহবাহী গাড়ির সঙ্গে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে বের হয়ে আসেন।
এসময় পুলিশ সদস্যরা মাঠের মূল ফটকে দাঁড়িয়ে ছিল। অ্যাম্বুলেন্সটি মীরসরাইয়ের ধুম গ্রামের উদ্দেশে রওনা হয়। পরে স্লোগান দিয়ে নগরীর জিইসির দিকে চলে যান তারা।
এর আগে জানাজায় সব রাজনৈতিক দল ও শ্রেণি পেশার মানুষ শামিল হন।
চট্টগ্রাম সিটির মেয়র বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন জানাজার আগে বলেন, বর্ণাঢ্য একজন রাজনীতিবিদ, বৃহত্তর চট্টগ্রামের জন্য অনেক অবদান রেখেছেন প্রাক্তন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আমি মহানগর বিএনপির পক্ষ থেকে, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।
তিনি বলেন, উনার অবদানের জন্য চট্টগ্রামবাসী ওনাকে সবসময় স্মরণে রাখবেন। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যেন ওনাকে জান্নাতবাসী করেন।
চট্টগ্রাম-৯ আসনের জামায়াতের প্রার্থী ডা. ফজলুল হক বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন একজন জননেতা। তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন। রাজনৈতিক দল হিসেবে বিরোধী হলেও ব্যক্তি হিসেবে তিনি পরোপকারী ছিলেন। চট্টগ্রামের জন্য অনেক অবদান রেখেছেন। সর্বস্তরের মুরুব্বি হিসেবে আমরা ওনাকে জানতাম। আমাদের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। আমরা তার মৃত্যুতে শোকাহত।