আসন্ন ফিফা বিশ্বকাপের মহোৎসব শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। অংশগ্রহণকারী দেশগুলো যেখানে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, তখনও অনিশ্চয়তায় ভুগছে ইরানের ফুটবলাররা।
এখন পর্যন্ত ইরান জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য কোনো ভিসা ইস্যু করেনি সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে ফিফার হস্তক্ষেপের দাবি জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, বৃহস্পতিবার ফেডারেশন প্রধান মেহেদি তাজ বিষয়টি নিয়ে তার উদ্বেগের কথা জানান। তিনি বলেন, ‘আগামীকাল বা পরশু আমরা ফিফা সাথে একটি চূড়ান্ত বৈঠকে বসব।
তাদের অবশ্যই গ্যারান্টি দিতে হবে, কারণ ভিসা সমস্যার এখনও কোনো সমাধান হয়নি। একই সঙ্গে আমাদের জানানো হয়নি যে, কার ভিসা মঞ্জুর হয়েছে আর কার হয়নি।
ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ দেওয়ার জন্য ইরানি খেলোয়াড়দের তুরস্কে রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা ছিল। তবে ফেডারেশন চেষ্টা করছে আঙ্কারা বদলে তুরস্কেরই আন্তালিয়াতে এই প্রক্রিয়া সম্পন্ন করার, যাতে খেলোয়াড়দের বাড়তি ভ্রমণের ধকল সইতে না হয়।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই ভিসা জটিলতার পেছনে রযেছে দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা এবং সাম্প্রতিক যুদ্ধ। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া যুদ্ধ পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছিল।
গত ৮ এপ্রিল থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক গত চার দশকে স্থবির হয়ে আছে। এত অনিশ্চয়তার মধ্যেও গত বুধবার তেহরানে জাতীয় দলের জন্য এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের বিশ্বকাপে ইরান ‘জি’ গ্রুপে খেলবে। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম এবং মিশর। বিশ্বকাপের সময় অ্যারিজোনার টাকসনে বেস ক্যাম্প করার কথা রয়েছে ইরানের।