পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে লক্ষ্মীপুর নানা ক্ষেত্রে বঞ্চনা ও অবহেলার শিকার হয়েছে। এখন সেই অবস্থা থেকে বের হয়ে এসে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার সময় এসেছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা ১৭ বছর বঞ্চনার শিকার হয়েছি। আমরা যেন আর অবহেলিত না থাকি, উপেক্ষিত না হই। চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের মাধ্যমে প্রমাণ হয়েছে, বিএনপি চাইলে তা সম্ভব।’
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক এ্যানি আরও বলেন, গত কয়েক বছরে জেলার রাস্তা-ঘাট, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়ন খাতে পিছিয়ে পড়েছে লক্ষ্মীপুর। এখন এসব খাতে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা নেওয়া হচ্ছে।
তিনি জানান, লক্ষ্মীপুরে একটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, লক্ষ্মীপুর জজ আদালতের পিপি আহমেদ ফেরদৌস মানিক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।