শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

প্রবাসীদের জন্য দুঃসংবাদ, ৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল করল সৌদি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬

দেশজুড়ে হাজার হাজার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সৌদি আরবের প্রশাসন। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এই অভিযানে ৭ হাজার ২০০টির বেশি ওয়ার্ক ভিসা বাতিল করা হয়েছে। একইসঙ্গে ভিসা বাতিল হওয়া ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ সরকারি সেবাও স্থগিত করা হয়েছে।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, দেশজুড়ে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে চালানো অভিযানে ৭ হাজার ২০০টির বেশি ওয়ার্ক ভিসা বাতিল করেছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, তাদের পর্যবেক্ষক দল ও স্মার্ট নজরদারি ব্যবস্থার মাধ্যমে প্রায় ৯১ হাজার সন্দেহজনক ঘটনা খতিয়ে দেখা হয়। এতে অবৈধ কর্মসংস্থান সম্পর্কিত ১৩ হাজার ৫০৯টি অনিয়ম শনাক্ত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অনিয়ম ধরা পড়ায় তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তথ্য সৌদিকরণ কর্মসূচি ‘নিতাকাত’-এর হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বৈধ চাকরির সুযোগ খুঁজে পেতে সহায়তার জন্য মানবসম্পদ উন্নয়ন তহবিল ‘হাদাফ’-এ পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৬ সালের প্রথম তিন মাসে পরিদর্শন দলগুলো বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোতে প্রায় ২ লাখ ৫০ হাজার সরেজমিন পরিদর্শন পরিচালনা করেছে। ফলে প্রায় ১ লাখ ৬৮ হাজার অনিয়ম শনাক্ত হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের অবস্থা সংশোধনের জন্য প্রায় ২ লাখ ৩০ হাজার সতর্কবার্তা পাঠানো হয়েছে। এ ছাড়াও নিয়োগ কার্যালয়গুলোতে ৩ হাজার ৫২২টি লঙ্ঘন নথিভুক্ত করা হয়েছে।

ডিজিটাল ক্ষেত্রে মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইলেকট্রনিক লঙ্ঘন শনাক্ত করেছে এবং অবৈধ গৃহশ্রম পরিষেবা প্রচারকারী ২৩৮টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। মানব পাচার প্রতিরোধের প্রচেষ্টার অংশ হিসেবে কর্তৃপক্ষ প্রায় ৫৪ হাজার মামলায় স্বতঃপ্রণোদিত পরিদর্শনও চালিয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় আরও বলেছে, নজরদারিতে সাধারণ মানুষের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের তথ্য অনুযায়ী, জনগণের দেওয়া ১৫ হাজার ৫৬৩টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে ৯৬ দশমিক ৯৬ শতাংশ অভিযোগের জবাব দেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD