রবিবার, ১৭ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

৭৮ জাহাজের গতিপথ পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র : সেন্টকম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ কার্যকরের অংশ হিসেবে হরমুজ প্রণালির কাছে এখন পর্যন্ত ৭৮টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

শনিবার সেন্টকম এক বিবৃতিতে জানায়, গত মাসে ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের পর থেকে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে চারটি জাহাজ অকার্যকরও করা হয়েছে বলে দাবি করেছে তারা।

সেন্টকম আরও জানায়, হরমুজ প্রণালির কাছাকাছি আঞ্চলিক জলসীমার ওপর দিয়ে মার্কিন সামরিক হেলিকপ্টার বাণিজ্যিক জাহাজগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করছে, যাতে ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর রাখা যায়।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাত দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রম করতে চাওয়া সব জাহাজকে নিরাপদ ও সহজ চলাচল নিশ্চিত করার সক্ষমতা তাদের রয়েছে।

আইআরজিসি দাবি করেছে, বর্তমানে সব নাবিকই নিরাপদ যাত্রার জন্য তাদের বাহিনীর সঙ্গে যোগাযোগ করছে।

এদিকে ইরান আবারও স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ করা ইরানি অর্থ ছাড় এবং নিষেধাজ্ঞা শিথিল না করা পর্যন্ত তারা হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেবে না।

তবে সাম্প্রতিক আলোচনায় উভয় পক্ষ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত নিয়ে আলোচনা সাময়িকভাবে স্থগিত রেখে হরমুজ প্রণালি পুনরায় চালু এবং মার্কিন সামুদ্রিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD