গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ভাইস চ্যান্সেলর নিয়োগকে কেন্দ্র করে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশসহ ২৫ জন আহতের খবর পাওয়া গেছে।
রোববার (১৭ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ সংঘর্ষ হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি পক্ষ। এ নিয়ে বৃহস্পতিবার রাত থেকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
রোববার সকালে পূর্বঘোষিত নবনিযুক্ত ভিসিকে ‘লাল কার্ড’ কর্মসূচি ব্যানারে বিক্ষোভের ডাক দেয় শিক্ষার্থীরা৷ সকালে শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হলে শুরু হয় পুলিশ-ছাত্রদের মধ্যে সংঘর্ষ। এতে ইট পাটকেলে পাঁচ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়। দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সমস্যা সমাধানে পুলিশ, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বৈঠকে বসে।
শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভিসি ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। তাদের মতে, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে।
একাধিক ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীরা বলছেন, বহিরাগতরা এসে হামলা করেছে৷ এতে তাদের ১০ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি।
গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে রয়েছি। ইটপাটকেলের আঘাতে আমাদের পাঁচ সদস্য আহত হয়েছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।