কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা দেখলাম দুদক, মানবাধিকার কমিশন, বিচার ব্যবস্থা, ব্যাংকগুলোকে পর্যন্ত দখল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংককে কীভাবে মাফিয়া কায়দায় দখল করা হয়েছে সেটাও দেখলাম।
বিসিবিকে দখল করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো দখল করা হয়েছে। মানুষের তো চক্ষু লজ্জা থাকে, কিন্তু তাদের (বিএনপির) কোনো চক্ষু লজ্জা নাই। এই কারণে বলছি ‘বিএনপি ইজ রিজেক্ট’।
রোববার (১৭ মে) রাতে কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা এনসিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি দখল হয়ে গেছে। চাঁদাবাজ, টেন্ডারবাজের দলে পরিণত হয়েছে। বিএনপি যে আদর্শিক রাজনীতি করতো, লড়াই-সংগ্রামের রাজনীতি করতো, এখন যাদের দ্বারা বিএনপি নিয়ন্ত্রিত ও পরিচালিত হচ্ছে এতে তাদের দলের নেতারাই আমাদেরকে বলে এই বিএনপি আমরা চিনি না।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা আমাদেরকে বলেন- যে বিএনপির জন্য রাজপথে লড়াই করেছি, যুদ্ধ করেছি, জেল-জুলুম খেটেছি, বাাড়িতে থাকতে পারি নাই, পরিবারের সাথে খাবার খাইতে পারি নাই, বাপ-মার জানাজায় অংশ নিতে পারি নাই, আমরা যে বিএনপির জন্য এই ত্যাগ করেছি, আজকের বিএনপি এই বিএনপি নয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা এমন বাংলাদেশ দেখতে চাই, যে তার যোগ্যতা অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবে। এতদিন এমনটা হতো যে প্রধানমন্ত্রী হবে একটি নির্দিষ্ট পরিবার থেকে। এর বাহিরে যদি হন তাহলে আপনি আর এই স্বপ্ন দেখতে পারবেন না। আমরা বলছি না কেউ স্বৈরাচার হয়ে গেছে, তবে কেউ যেন স্বৈরাচার হতে না পারে সেদিকে সজাগ থাকবো।