সোমবার, ২৫ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

ঈদের আগে ২৩ দিনে এলো ৩৬ হাজার কোটি টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ছে প্রবাসী আয়। প্রতি বছরের মতো এবারও দেশের প্রবাসী বাংলাদেশিরা পরিবারের প্রয়োজন মেটাতে বেশি পরিমাণ অর্থ পাঠাচ্ছেন। ফলে চলতি মে মাসজুড়ে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি দেখা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম ২৩ দিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৯৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৬ হাজার ৫৩০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)। সে হিসেবে চলতি মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে এক হাজার ৫৮৮ কোটি টাকার বেশি প্রবাসী আয়।

রোববার (২৩ মে) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৩ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ২৩০ কোটি ৯০ লাখ ডলার। আগের বছর একই সময়ে এসেছে ২ হাজার ৬৬৪ কোটি ৩৪ লাখ ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিট্যান্স আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এছাড়া চলতি মাসে ঈদুল আজহা সামনে রেখে রেমিট্যান্সে নতুন রেকর্ড গড়বে বলে আশা করছেন তারা।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ ছিল যথাক্রমে জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার, নভেম্বরে এসেছে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার, ডিসেম্বরে এসেছে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার। এছাড়া জানুয়ারিতে এসেছে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার, মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ ডলার এবং এপ্রিল মাসে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলারের রেমিট্যান্স।

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে মে মাস শেষে রেমিট্যান্সে নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

আগামী ২৮ মে দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষ্যে টানা সাত দিনের ছুটি শুরুর আগে আজ ছিল সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শেষ কর্মদিবস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD