যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনার মাঝেই মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার (২৫ মে) দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ওয়াশিংটন। এদিকে, ইরানও জবাব দিচ্ছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, দেশটির আকাশসীমা লঙ্ঘনের পর একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ মে) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা ইরানের আকাশসীমায় প্রবেশ করা শত্রু বিমান শনাক্ত করার পর ওই ড্রোনে হামলা চালায়। একই সঙ্গে একটি আরকিউ-৪ ড্রোন ও অনুপ্রবেশকারী একটি এফ-৩৫ যুদ্ধবিমান লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে।
তবে ঘটনাগুলো ঠিক কখন ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
‘যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে তার জবাব দেওয়ার বৈধ ও চূড়ান্ত অধিকার ইরানের রয়েছে’, বলছে আইআরজিসি।
এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, তারা আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ইরানের কিছু রকেট উৎক্ষেপণ স্থাপনায় হামলা চালিয়েছে। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।
সূত্র: ফার্স্ট পোস্ট, আল জাজিরা