মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে শীর্ষ মোসাদ এজেন্টের ফাঁসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর দেশজুড়ে কঠোর অবস্থান বজায় রেখেছে ইরান। এরই ধারাবাহিকতায় ইসরায়েলের ইহুদিবাদী গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং গোয়েন্দা সহযোগিতার অভিযোগে আরও এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান।

মঙ্গলবার (২৬ মে) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে।

ফাঁসি হওয়া ওই ব্যক্তির নাম গোলামরেজা খানি শেখারাব বলে শনাক্ত করা হয়েছে। ইরানের বিচার বিভাগের অনলাইন পোর্টাল ‘মিজান অনলাইন’ জানিয়েছে, গোলামরেজা খানি শেখারাবকে ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তি এবং দেশটির একটি নাশকতামূলক নেটওয়ার্ক পরিচালনার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। পরবর্তীতে ইরানের সর্বোচ্চ আদালত তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখলে আজ মঙ্গলবার সকালে তার ফাঁসি কার্যকর করা হয়। মূলত তিনি বিদেশে মোসাদের অন্যতম প্রধান রিঙ্গলিডার বা অপারেশনাল সমন্বয়ক হিসেবে কাজ করতেন এবং দেশের ভেতরে গুপ্তচর নিয়োগের চেষ্টা চালাচ্ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান নিরাপত্তা সংক্রান্ত ও গুপ্তচরবৃত্তির মামলাগুলোতে মৃত্যুদণ্ড কার্যকরের হার ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে। এর মাত্র একদিন আগেই মোস্তফা কিয়ান নামে অন্য এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছিল তেহরান। মানবাধিকার গোষ্ঠীগুলোর তীব্র সমালোচনা সত্ত্বেও ইরান তাদের এই কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে।

বিভিন্ন মানবাধিকার কর্মী ও সংস্থার দাবি, বিশ্বজুড়ে চীনের পর ইরানই সবচেয়ে বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে। সূত্র- আল জাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD