দেশের ৬ জেলায় বুধবার (২৭ মে) সন্ধ্যা ৬টার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এ ছাড়া অন্য জায়গায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস ও বজ্রবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা সতর্কবার্তায় বলা হয়, সন্ধ্যার মধ্যে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে এ ঝড় হতে পারে। এ সময় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এ অবস্থায় ৬ জেলার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।