রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই রাতে কী ঘটেছিল, সে বিষয়ে নিজেদের প্রাথমিক পর্যায়ের ব্যাখ্যাও তুলে ধরেছে হাসপাতাল।
বুধবার (২৭ মে) হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৬ মে দিবাগত রাত ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ড-২-এ শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা চালু ছিল।
তবে ওই ওয়ার্ডে থাকা একাধিক নবজাতকের মায়েরা এসি বন্ধ করার অনুরোধ জানান। পরে দায়িত্বরত নার্সরা এসিগুলো বন্ধ করে দেন।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, রাত ৩টার দিকে পুনরায় এসি চালু করা হয়। এর প্রায় এক ঘণ্টা পর, রাত ৪টার দিকে এক নবজাতক অস্বাভাবিকভাবে কান্না শুরু করলে দ্রুত তাকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) নেওয়া হয়। পরে একই ধরনের পরিস্থিতি দেখা দিলে আরও পাঁচ নবজাতককে দ্রুত এনআইসিইউতে স্থানান্তর করা হয়।
হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, সকাল ৬টার দিকে প্রথম শিশুটির মৃত্যু হয়। এরপর সকাল ৬টা থেকে ৯টার মধ্যে পর্যায়ক্রমে আরও পাঁচ নবজাতকের মৃত্যু হয়।