শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

পুশইন ও চামড়া পাচার রোধে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যশোর ৪৯ ও খুলনার ২১ বিজিবির আওতাধীন শার্শা উপজেলার বেনাপোলসহ দেশের সব সীমান্ত দিয়ে চোরাচালান, পুশইন এবং কোরবানির পশুর চামড়া পাচার প্রতিরোধসহ ঈদ-পরবর্তী যেকোনো প্রকারের সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এবং খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান এ তথ্য নিশ্চিত করেন।

তারা বলেন, প্রতি বছর ঈদুল আজহা উপলক্ষে দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ পশু কোরবানি করা হয়ে থাকে। কোরবানি-পরবর্তী সময়ে যেকোনো পশুর চামড়া যাতে সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়ে যেতে না পারে, সেজন্য এবারও সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন আমাদের বিজিবি সদস্যরা। এ ব্যাপারে স্থানীয় জনগণকে সতর্ক থাকার জন্য সীমান্ত এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তারা।

তারা আরও বলেন, এ ছাড়াও সীমান্তে সব ধরনের অপরাধ-সংক্রান্ত বিষয় নিয়ে আমরা বিএসএফের সঙ্গে দফায় দফায় সীমান্ত সম্মেলন করছি। পুশইন, চামড়া পাচার রোধ, মাদক ও চোরাচালান বন্ধে আমরা সতর্কতামূলক অবস্থায় রয়েছি। সীমান্তে সব ধরনের অপরাধ দমনে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান ২১ ও ৪৯ বিজিবির অধিনায়করা।

প্রসঙ্গত, ঈদকে ঘিরে ভারতে চামড়া পাচার ঠেকাতে যশোরের বিভিন্ন সীমান্তপথে ব্যাপক সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে শার্শা উপজেলার ১০২ কিলোমিটার সীমান্তের কাশিপুর, শালকোনা, শিকারপুর, ধান্যখোলা, রঘুনাথপুর, বেনাপোলের পুটখালী, দৌলতপুর, সাদিপুর, ঘিবা, গোগা, রুদ্রপুর, অগ্রভুলোট, পাঁচভুলোট ও দাদখালী সীমান্তকে চামড়া পাচারের পথ হিসেবে চিহ্নিত করে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

চামড়া ব্যবসায়ীদের আশঙ্কার পরিপ্রেক্ষিতে চিহ্নিত এসব এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল খান এবং ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD