পদ্মা ও যমুনা সেতুর সুব্যবস্থাপনায় এবারের ঈদুল আজহায় ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হয়েছে। রোববার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের দূরদর্শী নেতৃত্ব ও সেতু বিভাগের সার্বক্ষণিক তত্ত্বাবধানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু ও যমুনা সেতু ব্যবহার করে কর্মব্যস্ত মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে বাড়ি ফিরেছেন এবং ঈদ উদযাপন শেষে আবার কর্মস্থলে ফিরছেন।
ঈদুল আজহার ঈদযাত্রা উপলক্ষে এক বিবৃতিতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, মানুষের ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হয়েছে। সুপরিকল্পিত প্রস্তুতি এবং সমন্বিত ব্যবস্থাপনার ফলে এবার বড় কোনো দুর্ঘটনা বা বড় ধরনের যানজট পরিলক্ষিত হয়নি।
সেতু কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গত ২১ মে থেকে ৩০ মে পর্যন্ত ১০ দিনে পদ্মা সেতু দিয়ে ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা।
একই সময়ে যমুনা সেতু দিয়ে ১০ দিনে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন পারাপার হয়েছে। এই সেতুতে মোট টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা। বিগত বছরগুলোর তুলনায় এবার যানবাহনের চাপ বেশি থাকলেও সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে কোনো ভোগান্তি হয়নি। এই পরিসংখ্যান দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় সেতু কর্তৃপক্ষের সক্ষমতা ও দক্ষতার প্রতিফলন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এই গৌরবময় অর্জনের পেছনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী, স্বাস্থ্যসেবা বিভাগ, পরিবহন মালিক সমিতি, কুরবানির পশুবাহী ট্রাক, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং পরিবহন চালক-শ্রমিকদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্ট সকল পক্ষের আন্তরিক সহযোগিতা ও দায়িত্ববোধের কারণে এবারের ঈদুল আজহা সবার জন্য আনন্দময়, নিরাপদ ও শান্তিপূর্ণ হয়েছে উল্লেখ করে সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।