সান মারিনোর উদ্দেশ্যে গতকাল দুপুরে রওনা হয়েছিল বাংলাদেশ ফুটবল দল।
দীর্ঘ ২৪ ঘণ্টার বেশি সময় ভ্রমণের পর আজ বাংলাদেশ সময় বিকেল ছয়টার দিকে সান মারিনোতে পৌঁছান জামালরা। আজই কিছুক্ষণের মধ্যে রিকভারি অনুশীলনে নামবেন তারা।
এদিকে ইংল্যান্ডে অবস্থান করা সামিত সোম সান মারিনোতে বাংলাদেশ দলের সঙ্গে আজ যোগ দিয়েছেন। বাফুফের দেয়া এক ভিডিও বার্তায় সামিত সোম বলেন, ‘জার্নি তো ভালো ছিল। সবার সঙ্গে দেখা করতে পেরে ভালো লাগল। কোচের সঙ্গে দেখা করে ভালো লাগছে। শুক্রবার ম্যাচে ভালো কিছু করতে চাই।’
ঢাকা থেকে ইতালির রোমে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট থাকলেও বাফুফে এয়ার ট্রাভেল পার্টনার আকিজ এয়ারের সঙ্গে চুক্তি করেছে। আকিজ এয়ার বাংলাদেশ দলকে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটের ব্যবস্থা করেছিল।
গতকাল দুপুরে ঢাকা থেকে বাংলাদেশ দল ইথিপিওয়ার রাজধানী আদ্দিস আবাবায় পৌঁছায়। সেখানে কয়েক ঘণ্টা যাত্রা বিরতির পর আবার রোমের উদ্দেশ্যে রওনা হয়। বাংলাদেশ সময় দুপুরে রোমে পৌঁছানোর পর বাসে সান মারিনোতে রওনা হন জামালরা। চার ঘণ্টার বেশি সময় লেগেছে রোম থেকে সান মারিনো পৌঁছাতে।
দীর্ঘ ভ্রমণ ক্লান্তিতে বাংলাদেশ দল আজ বিশ্রামে থাকবে। আগামীকাল থেকে অনুশীলন শুরু করবেন বাংলাদেশ দলের কোচ থমাস ডুলি। সামিত সোম আজই দলের সঙ্গে যোগ দিয়েছেন।
আগামীকাল হামজা চৌধুরি ও জায়ান আহমেদের সান মারিনোতে পৌঁছানোর কথা। ৫ জুন ম্যাচের আগে সান মারিনোতে তিন দিন অনুশীলনের সুযোগ পাবেন জামালরা।
বাংলাদেশ ফুটবল দল এবারই প্রথম ইউরোপের দলের বিপক্ষে ইউরোপের মাটিতে খেলবে। সান মারিনো ইতালির মধ্যেই স্বাধীন ক্ষুদ্র এক দেশ।
সান মারিনোর ফিফা র্যাংকিংয়ে সবচেয়ে পেছনে ২১১ নম্বরে। বাংলাদেশ ত্রিশ ধাপ এগিয়ে থাকলেও ইউরোপের একটি দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অর্জনের জন্যই মূলত এই সফর করছে।