বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

‘হরমুজ পুনরায় চালু হলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলবে না যুক্তরাষ্ট্র’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

হরমুজ প্রণালি পুনরায় চালু হলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার (২ জুন) তিনি এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার রাতে লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

মার্কো রুবিও বলেন, ‘হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে না। যেকোনো নিষেধাজ্ঞা শিথিলের শর্ত হলো ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করতে হবে।’

তিনি বলেন, ‘ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে চতুর্থ দফার আলোচনা চলছে, যেখানে লেবাননের আলোচকরা দক্ষিণাঞ্চলে হামলা ও দখলদারিত্ব বন্ধ করার বিষয়টি নিশ্চিত করার আশা করছেন।’

দক্ষিণ লেবাননে চলমান ইসরায়েলি বিমান হামলায় অন্তত আটজন নিহত এবং অজ্ঞাতনামা মানুষ আহত হয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেছেন, ‘দক্ষিণ লেবাননে অভিযান যেকোনো মূল্যে অব্যাহত থাকবে এবং সেনাবাহিনী হামলা সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করছে।’

ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, তিনি লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরিকে জানিয়েছেন যে, যদি লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকে, তবে তেহরান শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথই বন্ধ করবে না, বরং শত্রুর সঙ্গে সরাসরি সংঘর্ষেও লিপ্ত হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD