বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

​একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার এই গুরুত্বপূর্ণ সময়ে কেউ যেন নতুন করে বিভ্রান্ত না হয়, সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে।

​বুধবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলা গঠন উপলক্ষে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর জোর দিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ জাতিসংঘের সভাপতি নির্বাচিত হয়েছে। এটা আমাদের জাতির জন্য এক বিরল সম্মাননা।

​তিনি বলেন, আমরা যখন উন্নয়ন কাজ করতে ব্যস্ত, যখন আমরা একটির পর একটি প্রতিশ্রুতি পালন করছি, তখন একটি মহল ষড়যন্ত্র করছে।

জামায়াতকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তা না হলে দেশ পিছিয়ে পড়বে। জনগণের চাহিদা অনেক, আমরা একে একে সব চাহিদা পূরণ করব। তবে আপনাদের কিছুটা ধৈর্য ধরতে হবে।

তরুণদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, যেসব কাজ অসমাপ্ত রয়েছে সেগুলো হয়ে যাবে। সব চেয়ে বড় জিনিস হচ্ছে আপনাদের নিজেদের তৈরি করতে হবে। দুঃখ হয় যখন শুনি তরুণরা মাদকাসক্ত হচ্ছে। এ থেকে আমাদের মুক্ত হতে হবে। তরুণরা যেন এ থেকে মুক্ত থাকে। আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে মাদক থেকে দূরে থাকার জন্য। খেলাধুলার চর্চা করতে হবে। নেতৃত্ব গড়ে তুলতে হবে তাহলেই রুহিয়া উপজেলা সামনের দিকে এগিয়ে যাবে।

এর আগে নবগঠিত রুহিয়া উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন মন্ত্রী। পরে তিনি সভামঞ্চে উপস্থিত হলে আয়োজকদের পক্ষ থেকে পুষ্প বৃষ্টি ও লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করে নেওয়া হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD