বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শন টেইটের বিদায়, বাংলাদেশের পেস বোলিং কোচ তালহা জুবায়ের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান গতিতারকা শন টেইট। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি থাকলেও মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর আগেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জানা গেছে, ভারতের একটি শীর্ষস্থানীয় ক্রিকেট সংস্থায় কোচিংয়ের নতুন সুযোগ পাওয়ায় বাংলাদেশের দায়িত্ব থেকে সরে যেতে চান টেইট। ইতোমধ্যে তিনি পশ্চিমবঙ্গের ক্রিকেট কাঠামোর একটি গুরুত্বপূর্ণ পদে যোগ দেওয়ার লক্ষ্যে সাক্ষাৎকারও দিয়েছেন। একই সঙ্গে ব্যক্তিগত ও পারিবারিক কারণও তার এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে বলে বিসিবি সূত্রে জানা গেছে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছাড়েন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড। এরপর ২০২৫ সালের মে মাসে তার স্থলাভিষিক্ত হন শন টেইট। দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের পেস আক্রমণে নতুন গতি ও আগ্রাসন যোগ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানার বিকাশে টেইটের অবদান ছিল উল্লেখযোগ্য। তার অধীনে কাজ করে নাহিদ আন্তর্জাতিক ক্রিকেটে নিজের গতি ও সামর্থ্য দিয়ে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। এছাড়া বাংলাদেশের অন্যান্য তরুণ ফাস্ট বোলারদের উন্নয়নেও টেইটের কোচিং প্রশংসিত হয়েছে।

টেইটের বিদায়ের পর আপাতত শূন্য থাকা পেস বোলিং কোচের দায়িত্ব সামলাবেন সাবেক জাতীয় দলের পেসার তালহা জুবায়ের। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তিনি ভারপ্রাপ্ত বোলিং কোচ হিসেবে কাজ করবেন। পরবর্তীতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও তার দায়িত্বে থাকার সম্ভাবনা রয়েছে।

বিসিবি নতুন স্থায়ী পেস বোলিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত তালহাই দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। জাতীয় দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থাকায় বোর্ড তার ওপরই আস্থা রাখছে।

এদিকে আগামী ৯ থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ৯, ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD