সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

বিশ্বকাপ নিয়ে হাতি গরিলার ভবিষ্যদ্বাণী!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬

২০২৬ ফুটবল বিশ্বকাপ অবগুণ্ঠনমুক্ত হওয়ার আগে জমে উঠেছে আরেক খেলা। সেই খেলা হলো ভবিষ্যদ্বাণী করা গণিতবিদ, অর্থনীতিবিদ, সুপারকম্পিউটার এবং এআই থেকে শুরু করে চিড়িয়াখানার হরেক প্রাণী-সবাই এখন জ্যোতিষী! ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভবিষ্যদ্বাণী করে রীতিমতো বিখ্যাত হয়ে গিয়েছিল পল নামের একটি অক্টোপাস। এরপর বিশ্বকাপের প্রতি আসরেই পশু-পক্ষীদের দিয়ে ম্যাচের ফল অনুমান আগাম জানিয়ে দেওয়ার বিচিত্র আয়োজনের প্রতিযোগিতা দেখা যায়। ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের আগে এবার সেই ভবিষ্যদ্বাণীর খেলা জমে উঠেছে মেক্সিকোর গুয়াদালাহারা চিড়িখানায়। সেখানে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচ নিয়ে অদ্ভুত সব উপায়ে ভবিষ্যদ্বাণী করে দর্শকদের বিনোদন দিচ্ছে প্রাণীরা।

যেমন ১১ জুনের মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা উদ্বোধনী ম্যাচ নিয়ে নিজেদের মতো করে ভবিষ্যদ্বাণী করেছে দুটি হাতি। চিড়িয়াখানার অস্থায়ী ফুটবল মাঠে হাতি দুটির সামনে ছিল দুটি পথ। দুই পথে দুই রকমের খাবার রাখা ছিল। একদিকে ছিল মেক্সিকোর পতাকা লাগানো ঘাস, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পতাকা লাগানো সবুজ পাতা। হাতি দুটি মেক্সিকোর পতাকার দিয়ে হেঁটে যাওয়ায় ধরে নেওয়া হয় উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতবে মেক্সিকো! এখন মাঠে কী হয় সেটি দেখার অপেক্ষা।

হাতিদের পর্ব শেষে মঞ্চে হাজির হয় দুটি গরিলা। তারা ভবিষ্যদ্বাণী করে ২৬ জুনের স্পেন-উরুগুয়ে ম্যাচ নিয়ে। গরিলা দুটির সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছিল দুদলের জার্সির আদলে তৈরি দুটি খাবারের পাত্র। একটি গরিলা না নড়লেও অন্যটি ঝাঁপিয়ে পড়ে উরুগুয়ের পাত্রের দিকে। উরুগুয়ের জয়ের পূর্বাভাস পেয়ে চিড়িয়াখানার কিপার ইভান রেইনেসো চিৎকার করে বলেন, ‘কে জিতবে জানিয়ে দিল গরিলা।’ এখানেই শেষ নয় প্রাণীদের জ্যেতিষচর্চার। মুলুকু নামের একটি পুমা (এক ধরনের বন্য বিড়াল) নিজের মতো করে ভবিষ্যদ্বাণী করে যে, ১২ জুনের ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জিতবে দক্ষিণ কোরিয়া। এছাড়া ২৪ জুনের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ডিআর কঙ্গোর জয়ের পূর্বাভাস দিয়েছে ছয়টি জিরাফ। এমন বিচিত্র আয়োজন সামনে আরও দেখা যাবে। যে প্রাণীর পূর্বাভাস মিলে যাবে, তার খ্যাতি ঠেকায় কে!

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD