মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

মেক্সিকোতে ইরান, আছে অসন্তোষও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতা নিয়ে ফিফার সমালোচনা করেছেন ইরানের ডিফেন্ডার এহসান হাজসাফি। রোববার মেক্সিকো পৌঁছানোর পর তিনি বলেন, এখনো দলের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ভিসা পাননি, যা বিশ্বকাপ প্রস্তুতিকে জটিল করে তুলেছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে বর্তমানে মেক্সিকোয় অবস্থান করছে ইরান জাতীয় ফুটবল দল। তবে চলমান ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে দলটির বিশ্বকাপ অংশগ্রহণ শুরু থেকেই অনিশ্চয়তায় ছিল।

ভিসা জটিলতার কারণে ইরান তাদের প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসন থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানায় নেয়।

মেক্সিকোয় পৌঁছে হাজসাফি বলেন, “সবার আগে আমরা খুশি যে দল অবশেষে এখানে পৌঁছাতে পেরেছে। আলহামদুলিল্লাহ, দলের অবস্থা ভালো।”

তবে একই সঙ্গে তিনি ফিফার প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেন, “ব্যক্তিগতভাবে আমার ফিফার কাছে অভিযোগ আছে। এত সময় লাগল কেন? যতদূর বুঝেছি, শুধু খেলোয়াড় ও কোচিং স্টাফের কয়েকজন সদস্য ভিসা পেয়েছেন।”

এখনো যেসব কর্মকর্তা ভিসা পাননি, তাদের মধ্যে রয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের মহাসচিব হেদায়াত মোমবেনি এবং সহসভাপতি মেহদি মোহাম্মদ নবি।

হাজসাফি বলেন, “দুঃখজনকভাবে আমাদের কোচিং স্টাফের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য ভিসা পাননি। এর মধ্যে টিম ম্যানেজার, নির্বাহী পরিচালক ও মিডিয়া পরিচালক রয়েছেন। তারা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “আমি ফিফার কাছে অনুরোধ করছি, তারা যেন দ্রুত বিষয়টি সমাধানে পদক্ষেপ নেয়।”

বিশ্বকাপের আগে তুরস্কের আন্তালিয়ায় অনুশীলন করছিল ইরান দল। সেখান থেকে একটি বিশেষ বিমানে সরাসরি তিজুয়ানায় পৌঁছায় তারা। বিমানবন্দরে কয়েকজন সমর্থক ইরানের পতাকা নিয়ে দলকে স্বাগত জানান।

আগামী ১৫ জুন ক্যালিফোর্নিয়ার ইংলউডে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এরপর ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে খেলবে মিসরের বিপক্ষে।

দুই দল নিজ নিজ গ্রুপে দ্বিতীয় হলে ৩ জুলাই টেক্সাসের আর্লিংটনে রাউন্ড অব ৩২-এ ইরান ও যুক্তরাষ্ট্র মুখোমুখি হতে পারে।

এর আগে মার্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আপত্তির ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের অংশগ্রহণ “উপযুক্ত” মনে করেন না এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।

এর জবাবে ইরান জাতীয় দল জানিয়েছিল, “কেউ আমাদের বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না।”

সোমবার বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইরান। তবে তারকা ফরোয়ার্ড সরদার আযমান দলে জায়গা পাননি। যুদ্ধ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের কারণে তিনি বাদ পড়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের দাবি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD