আর মাত্র কয়েক ঘণ্টা পরই পর্দা উঠছে ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপের। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত এই আসর শুরুর আগে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
মেসির ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা পূরণ হয়েছিল ২০২২ বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে। কাতারে বিশ্বকাপ ট্রফি হাতে তোলার পর অনেকেই ধরে নিয়েছিলেন, সেখানেই শেষ হতে যাচ্ছে তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। কিন্তু সব জল্পনা উড়িয়ে ৩৮ বছর বয়সে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে প্রস্তুত এই আর্জেন্টাইন মহাতারকা।
বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম ওলেকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানান, কাতারের পর তিনিও নিশ্চিত ছিলেন না যে ২০২৬ বিশ্বকাপে এত ভালো অবস্থায় নিজেকে দেখতে পারবেন।
নিজের বর্তমান ফিটনেস ও মানসিক অবস্থা নিয়ে তিনি বলেন, ‘কাতারের বিশ্বকাপের পর আমি ভেবেছিলাম, বয়স বাড়ার কারণে এই বিশ্বকাপে এত ভালো অবস্থায় পৌঁছানো কঠিন হবে। কিন্তু এখন আমি সত্যিই দারুণ অনুভব করছি। সবকিছু খুব স্বাভাবিকভাবেই হয়েছে।’
মেসি আরও জানান, ইন্টার মিয়ামির হয়ে খেলার সময়ও তিনি নিজের প্রতিযোগিতামূলক মানসিকতা হারাননি। প্রতিদিন নিজেকে আরও উন্নত করার চেষ্টা করেছেন বলেই জাতীয় দলের হয়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্স ধরে রাখতে পেরেছেন।
তার ভাষায়, “আমি কখনো নিজের ওপর চাপ কমাইনি বা প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে যাইনি। প্রতিদিন নিজেকে আরও ভালো করার চেষ্টা করেছি। এ কারণেই গত এক বছরে জাতীয় দলের প্রায় প্রতিটি ম্যাচেই আমি নিজের সেরা ছন্দে থাকতে পেরেছি।”
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে নিজেদের বিশ্বকাপ অভিযান। তার আগে দলের প্রধান তারকার মুখে আত্মবিশ্বাসী বার্তা নিঃসন্দেহে কোটি কোটি আলবিসেলেস্তে সমর্থকের স্বপ্নকে আরও উজ্জ্বল করে তুলেছে।