শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

দুই দশক পর তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে উচ্ছ্বাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আসছেন। শনিবার (১৩ জুন) দিনব্যাপী সফরে কক্সবাজার আসছেন তিনি। সফরকালে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা, রাজনৈতিক জনসভা এবং সুধী সমাবেশে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে জেলায় প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়ে ব্যাপক প্রস্তুতি এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের সদর, চকরিয়া, পেকুয়ায় আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। ওই দিন বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে অনুষ্ঠিতব্য জনসভাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

জনসভাকে সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩ জুন সকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছবেন। তিনি সকাল ১০টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সদরের পিএমখালী ইউনিয়নের পাতলি খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন ও পথসভায় বক্তব্য রাখবেন। দুপুর ১২টায় ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন। সোয়া ১২টায় মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সোয়া ১টায় জুলাই গণঅভ্যুত্থানে কক্সবাজারের প্রথম শহীদ, পেকুয়ার সন্তান শহীদ ওয়াসীমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বেলা দেড়টায় প্রধানমন্ত্রী নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে দুপুর ২টায় নবগঠিত মাতামুহুরী উপজেলায় ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন। পরে তারেক রহমান পেকুয়ায় সাঈদ মঞ্জিলে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

বিকেল ৪টায় তিনি চকরিয়া পৌর বাস টার্মিনালে চকরিয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। চকরিয়া জনসভায় প্রধান অতিথির বক্তব্য শেষে প্রধানমন্ত্রী সড়কপথে কক্সবাজার গিয়ে সন্ধ্যা ৭টায় মেরিন ড্রাইভ সড়ক হয়ে সাগর সৈকত ঘুরে দেখবেন। রাত ৮টায় হোটেল লং বিচ অডিটরিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। সর্বশেষ রাত ১০টায় তিনি ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে কক্সবাজার ছেড়ে যাবেন।

এদিকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফর সরাসরি তদারকি করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দুইদিনের সফরে শুক্রবার (১২ জুন) কক্সবাজার এসেছেন।

এছাড়া প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার এসে পৌঁছেছেন সরকারের ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কক্সবাজারে অবস্থান করা ৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে নিরাপত্তার চাঁদরে ঢাকা হয়েছে পুরো কক্সবাজারকে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অহিদুর রহমান জানান, পুরো কক্সবাজারে ৩ হাজারের অধিক আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। এরমধ্যে কক্সবাজারের ৫শ এবং কক্সবাজারের বাইরে থেকে বিভিন্ন বাহিনীর আড়াই হাজার পুলিশ সদস্যরা মাঠে রয়েছেন। সাদা পোশাকে এপিবিএন, এসবি, ডিএসবির সদস্যরা সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবেন। ইতোমধ্যে কক্সবাজারে উপস্থিত হয়েছেন আইজিপি। প্রধানমন্ত্রী যেসব জায়গা পরিদর্শন করবেন এবং ফলক উন্মোচন করবেন সব জায়গায় পুলিশের পক্ষ থেকে আগেভাগেই পরিদর্শনপূর্বক সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তায় পুরো কক্সবাজারকে ঘিরে ফেলা হয়েছে। আশা করি প্রধানমন্ত্রী তারেক রহমান এই সফর সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন।

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী কালবেলাকে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারে সফর চলাকালে চলাচল স্থলে জনদুর্ভোগ কমাতে সড়ক, উপসড়কে গেট, তোরণ নির্মাণ না করতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নেতাকর্মীরা চাইলে ব্যানার, ফেস্টুন টাঙাতে পারবেন।

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়া আসবেন- এই খবরে পুরো চকরিয়ার সর্বস্তরের মানুষের মাঝে উৎসবের আমেজ বয়ে যাচ্ছে। তারেক রহমানকে সরাসরি দেখতে ও তার মূল্যবান বক্তব্য শুনতে চকরিয়াবাসী অপেক্ষার প্রহর গুনছেন।

চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী কালবেলাকে জানান, জনসভায় বৃহত্তর চকরিয়ার প্রত্যন্ত এলাকা থেকে নারী-পুরুষ মিলিয়ে ৫০ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক অংশ নেবেন। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা ও আশপাশের অঞ্চল থেকে আগত প্রায় ৩ লাখ মানুষের সমাগম ঘটতে পারে বলে নেতারা আশা করছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD