ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করবে না, তবে হরমুজ প্রণালির ওপর দেশটির সামরিক বাহিনীর পূর্ণ ও একচ্ছত্র আধিপত্য রয়েছে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানি সশস্ত্র বাহিনী প্রধান। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি এই তথ্য নিশ্চিত করেছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ‘ইরনা’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে অ্যাডমিরাল সাইয়ারি ওয়াশিংটন ও তার মিত্রদের আশ্বস্ত করে বলেন, সামরিক কৌশলগতভাবে ইরান পরমাণু অস্ত্রের পথ অনুসরণ করবে না। তবে একই সঙ্গে তিনি আঞ্চলিক জলসীমায় নিজেদের শক্তির জানান দিয়ে বলেন, বর্তমানে হরমুজ প্রণালি অঞ্চলে ইরানের সামরিক শক্তি সম্পূর্ণ আধিপত্য বিস্তার করে আছে। এর স্পষ্ট অর্থ হলো, ইরানের অনুমতি বা ছাড়পত্র ছাড়া এই গুরুত্বপূর্ণ জলসীমায় কোনো ধরনের নৌযান বা জাহাজ প্রবেশ করতে পারবে না।
তিনি আরও জোর দিয়ে বলেন, যেকোনো ধরনের বহিরাগত পরিস্থিতি মোকাবেলা করতে ইরানের সশস্ত্র বাহিনী সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শত্রুর যেকোনো উস্কানি বা আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দিতে ইরানি সেনারা সদা প্রস্তুত উল্লেখ করে সাইয়ারি বলেন, আমাদের হাত এখন বন্দুকের ট্রিগারে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা আমাদের জীবন উৎসর্গ করতে বিন্দুমাত্র ভয় পাই না।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের সিংহভাগ জ্বালানি তেল পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে ইরানের এমন শক্ত অবস্থান এবং সর্বোচ্চ সতর্ক বার্তা আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব বহন করছে।
সূত্র: আল-জাজিরা।