বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য পাসপোর্ট ফি কমানোর একটি প্রস্তাব সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে প্রবাসীদের জন্য পাসপোর্টসেবা আরও সহজ, দ্রুত ও সহজলভ্য করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার (১৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের নবম দিনে সরকারদলীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকনের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ২০২৬ সালের ৪ জুন পর্যন্ত দেশে সক্রিয় পাসপোর্টধারীর সংখ্যা ২ কোটি ৫৪ লাখ ৩৩ হাজার ৬৩ জন। তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ফি হ্রাসের বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের একটি প্রস্তাব বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পর্যালোচনাধীন রয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দূরবর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্ট আবেদন প্রক্রিয়া সহজ করতে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনগুলোতে মোবাইল এনরোলমেন্ট কিট (এমইকে) ব্যবহার করে আবেদন গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী কর্মীদের পাসপোর্টসেবা প্রদান কার্যক্রমও সম্প্রসারণ করা হচ্ছে বলে জানান তিনি।

পাসপোর্ট দ্রুত প্রবাসীদের হাতে পৌঁছে দিতে সরকার আন্তর্জাতিক কুরিয়ার প্রতিষ্ঠান ফেডএক্সের মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে পাসপোর্ট পাঠাচ্ছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্ট সংগ্রহ ও নবায়ন প্রক্রিয়া আরও সহজ এবং ব্যয়-সাশ্রয়ী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD